সংবাদদাতা, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে নতুন করে ৬টি বৈদ্যুতিক সাব স্টেশন তৈরি হয়েছে। ইতিমধ্যে তিনটি চালু হয়েছে। বাকি তিনটি কয়েক মাসের মধ্যেই চালু হয়ে যাবে বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর। এছাড়াও সুন্দরবনের মৈপীঠে নতুন বৈদ্যুতিক সাব স্টেশন তৈরি করা হবে। খুব দ্রুত জমি সংক্রান্ত সমস্যা মিটতে চলেছে। এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা বিদ্যুৎ বণ্টন সংস্থার এক শীর্ষ আধিকারিক বলেন, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই সাব স্টেশনগুলির। এতে বিদ্যুতের অনেক সমস্যা মিটবে। কিছু জায়গায় অস্থায়ী ভাবে চালু করা হচ্ছে। ধীরে ধীরে এই সমস্যাও মিটে যাবে। দক্ষিণ ২৪ পরগনা বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, বেহালা ভারত সেবাশ্রমের কাছে নতুন ১২.৬ মেগা ভোল্ট অ্যাম্পিয়ার সাব স্টেশন নির্মিত হয়েছে। একই সঙ্গে গড়িয়াতে ২০ মেগা ভোল্ট অ্যাম্পিয়ার সাব স্টেশন চালু হয়েছে। আমড়াতলায় ৬.৩ মেগা ভোল্ট অ্যাম্পিয়ারের সাব স্টেশনে সবে চার্জ দেওয়া হয়েছে। এছাড়া জয়নগর ও ক্যানিংয়ের মাঝে হেরোভাঙায় ৬. ৩ মেগা ভোল্ট অ্যাম্পিয়ারের অস্থায়ী সাব স্টেশন নির্মিত হয়েছে। দ্রুত তা চালু করা হবে বলে জানা গিয়েছে। সুন্দরবনের ছোটো মোল্লাখালিতে ৬. ৩ মেগা ভোল্ট অ্যাম্পিয়ার অস্থায়ী সাব স্টেশন চালু হবে কয়েক মাসের মধ্যে। একই সঙ্গে জীবনতলার মৌখালিতে ৬. ৩ মেগা ভোল্ট অ্যাম্পিয়ারের অস্থায়ী সাব স্টেশনও চালু হবে। এক আধিকারিক বলেন, রায়দিঘির নন্দকুমারপুরেও সাব স্টেশন নির্মিত হবে। জমি সংক্রান্ত সমস্যাও মিটবে।



