Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি জেলা আদালতে ফের হুমকি মেল, কাসভের নাম নিয়ে হুঁশিয়ারি

একদিকে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচন ঘিরে সরগরম আদালত চত্বর, অন্যদিকে ‘বিবেচনাধীন’ ভোটারদের নথি যাচাই করতে জেলায় পা রেখেছেন ভিন রাজ্যের বিচারকরা

সিউড়ি জেলা আদালতে ফের হুমকি মেল, কাসভের নাম নিয়ে হুঁশিয়ারি
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: একদিকে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচন ঘিরে সরগরম আদালত চত্বর, অন্যদিকে ‘বিবেচনাধীন’ ভোটারদের নথি যাচাই করতে জেলায় পা রেখেছেন ভিন রাজ্যের বিচারকরা। এই আবহে সোমবার সিউড়ি জেলা আদালতে ফের বোমাতঙ্ক ছড়াল। গত ২৫ ফেব্রুয়ারির পর এই নিয়ে দ্বিতীয়বার আদালত ওড়ানোর হুমকি দিয়ে ইমেল আসায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হুমকি মেলে মুম্বই হামলার অন্যতম পান্ডা আজমল কাসভের নাম উল্লেখ করে প্রশাসনকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া গিয়েছে। সাফ জানানো হয়েছে, ‘বিষয়টিকে হালকাভাবে নেবেন না।’ এনিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে জেলা আদালতের অফিসিয়াল ইমেল আইডিতে একটি অচেনা ঠিকানা থেকে বার্তা আসে। সেখানে দাবি করা হয়, আদালত চত্বরে বোমা রাখা আছে এবং যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। খবরটি জানাজানি হতেই পুলিশ ও বম্ব স্কোয়াডের তৎপরতা শুরু হয়। মেটাল ডিটেক্টর ও অত্যাধুনিক বোমা শনাক্তকরণ যন্ত্র নিয়ে শুরু হয় চিরুনি তল্লাশি। বিচারকদের এজলাস থেকে শুরু করে আদালতের আনাচকানাচ, সর্বত্র তন্নতন্ন করে খোঁজ চালান তদন্তকারীরা। যদিও দীর্ঘ তল্লাশির পর কোনো সন্দেহজনক বস্তুর হদিশ মেলেনি।
জেলা আদালতের সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় এই হুমকির বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি জানান, ‘এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ঠিক যে ধরনের মেল এসেছিল, এবারের ভাষা প্রায় অনুরূপ। তবে এবার বাড়তি কিছু কথা জোড়া হয়েছে। আজমল কাসভের নাম উল্লেখ করে লেখা হয়েছে, ‘আজমল কাসভের কথা মনে আছে তো?’ শুধু তাই নয়, বিষয়টি হালকাভাবে না নেওয়ার জন্য রীতিমতো শাসানো হয়েছে। লঘু করে দেখার পরিণতি কী হতে পারে, তা বোঝাতে অন্য রাজ্যে ঘটা বিস্ফোরণের ঘটনার উদাহরণও টানা হয়েছে মেলের বয়ানে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি জেলা বিচারকের কাছে আসা প্রথম হুমকি মেলের জেরে প্রায় দু’ ঘণ্টা কাজ ব্যাহত হয়েছিল। সেদিন আদালত চত্বর খালি করে তল্লাশি চালিয়েছিল পুলিশ। তবে সোমবার হুমকি এলেও আদালতের স্বাভাবিক কাজকর্মে বড়ো কোনো প্রভাব পড়েনি। বিচারকদের এজলাস ছেড়ে বেরোতে হয়নি, আইনি পরিষেবা কিংবা বার কাউন্সিলের ভোটগ্রহণ প্রক্রিয়াও সচল ছিল। প্রশাসনের একাংশের ধারণা, সাধারণ মানুষের মনে ত্রাস সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এই ভুয়ো হুমকি পাঠানো হয়েছে। তবে বারবার একই ধরনের মেলের উৎস কী এবং কেন বারবার সিউড়ি আদালতকেই লক্ষ্য করা হচ্ছে, তা খতিয়ে দেখছে সাইবার ক্রাইম শাখা। বার কাউন্সিলের নির্বাচন ও ভিন রাজ্যের বিচারকদের উপস্থিতির দিনেই কেন এই ইমেল এল? এ নিছক রসিকতা নাকি কোনো গভীর ষড়যন্ত্র, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, এর আগেও সিউড়ি আদালত সহ রাজ্যের একাধিক আদালতেও একইভাবে হুমকি মেলের কিনারা আজও করতে পারেনি পুলিশ। পুলিশের এক  কর্তা জানিয়েছেন, হালকা ভাবে না নেওয়ার যে সতর্কবার্তা মেলে দেওয়া হয়েছে, তা মাথায় রেখেই আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ