নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার এসআইআর ট্রাইবুনাল থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আপিলেট ট্রাইবুনাল থেকে ইস্তফা দিয়েছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। নির্বাচন কমিশনকেও বিষয়টি জানিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম।
এসআইআর পর্বে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ নাগরিকের নথি ট্রাইবুনাল কীভাবে বিচার করবে, তার এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর) তৈরি করতে তিন বিচারপতির কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। সেই কমিটিতেই ছিলেন বিচারপতি টিএস শিবজ্ঞানমও। ইতিমধ্যেই ট্রাইবুনালের নথি যাচাইয়ের পরে দুটি তালিকা প্রকাশ করা হয়েছে। তবে যাচাইয়ের পর্ব এখনো শেষ হয়নি। এরই মধ্যে ট্রাইবুনাল থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। কমিশন সূত্রে জানা গিয়েছে, শিবজ্ঞানমের ইস্তফার পর এই পদে অন্য কোনো অবসরপ্রাপ্ত বিচারককে নিযুক্ত করা হবে।