Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর কাঁটা! বাগদায় প্রার্থী ঘোষণায় টালবাহানা পদ্ম শিবিরের

মতুয়াগড় বনগাঁ মহকুমার চারটি আসন বাদ রেখে প্রথম দফায় প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তারা।

এসআইআর কাঁটা! বাগদায় প্রার্থী ঘোষণায় টালবাহানা পদ্ম শিবিরের
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: মতুয়াগড় বনগাঁ মহকুমার চারটি আসন বাদ রেখে প্রথম দফায় প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তারা। তিনটি কেন্দ্রেই পুরানোদের উপর আস্থা রেখেছে দল। তবে এদিন বাগদা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি পদ্ম শিবির। যা স্থানীয় নেতৃত্বের অস্বস্তি বাড়িয়েছে। বিরোধীদের দাবি, বাগদায় বিজেপির কাছে এসআইআর কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে প্রার্থী ঘোষণায় গড়িমসি।

Advertisement

বাগদা মতুয়া অধ্যুষিত। এসআইআরে বহু মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় ক্ষোভের মুখে বিজেপি নেতৃত্ব। মতুয়াদের দাবি, বিজেপি নেতৃত্ব বারবার বলেছেন এসআইআরের মাধ্যমে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ দেওয়া হবে। বাস্তবে উলটো হয়েছে। এসআইআরে বাগদা বিধানসভায় প্রায় ২৫ হাজারের বেশি মৃত ও স্থানান্তরিত ভোটার তালিকা থেকে বাদ পড়ছে। চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে প্রায় ১৫ হাজার ভোটারের নাম। বিচারাধীন প্রায় ১৪ হাজার ভোটার। এদের মধ্যে সিংহভাগ মতুয়া। যা বিজেপির কাছে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। 
সম্প্রতি স্থানীয় প্রার্থীর দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বাগদার অনেকেই। সেকথা মাথায় রেখে এবার স্থানীয় প্রার্থী খুঁজতে মরিয়া বিজেপি। প্রার্থী তালিকায় উঠে এসেছে একাধিক নাম। দলের এক যুবনেতা ও এক নেত্রীর নাম প্রার্থী হিসাবে জোরালো হয়েছে। এরই মধ্যে সাংসদ শান্তনু ঘনিষ্ঠ এক নেতার নাম উঠে এসেছে প্রার্থীর দাবিদার হিসাবে। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ বলেন, বাগদায় স্থানীয় প্রার্থীর দাবি জোরালো হয়েছে। সেই দিক মাথায় রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করে প্রার্থী ঘোষণা করবে। স্থানীয় এক বিজেপি নেতা দাবি করেন, এলাকায় একাধিক রাজ্য নেতা থাকায় প্রার্থী নির্বাচনে সমস্যায় পড়েছে দল। ২০২৪ সালে উপনির্বাচনে বাগদা কেন্দ্রে তৃণমূল জয়ী হয়। তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর জয়লাভ করেন। এবার তাঁকেই প্রার্থী করেছে দল। অন্যদিকে, স্থানীয়কে প্রাধান্য দিয়ে গৌর বিশ্বাসকে প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লক। তাঁরা প্রচার শুরু করেছে এলাকায়।

সম্পর্কিত সংবাদ