Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬

পাঞ্জাবে এসআইআর: বাদ রাঘব চাড্ডার নাম

এসআইআর প্রক্রিয়ায় পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ল রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার নাম।

পাঞ্জাবে এসআইআর: বাদ রাঘব চাড্ডার নাম
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড় ও নয়াদিল্লি: এসআইআর প্রক্রিয়ায় পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ল রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার নাম। তালিকায় তাঁকে ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ বলে শনাক্ত করা হয়েছে। এই ইস্যুতে রাজনৈতিক বাগযুদ্ধ তুঙ্গে। আম আদমি পার্টির (আপ) আরও ছয় রাজ্যসভার সাংসদকে সঙ্গে নিয়ে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন চাড্ডা। খসড়া তালিকায় নাম বাদ পড়া নিয়ে বৃহস্পতিবার তাঁর অভিযোগ, পাঞ্জাবের ক্ষমতাসীন আপ সরকার রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে। পালটা তোপ দেগেছে আপও। অরবিন্দ কেজরিওয়ালের পার্টির তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপির বর্তমান রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা গোপনে ‘ব্যাকডেটেড এন্ট্রি’র মাধ্যমে দিল্লির ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছেন। ঘটনাচক্রে, ২০২২ সালে রাজ্যসভার নির্বাচনের সময় দেওয়া হলফনামায় চাড্ডা জানিয়েছিলেন, তিনি দিল্লির রাজিন্দর নগরের ৫২ নম্বর বুথের ভোটার। আবার পাঞ্জাবের মোহালিতেও তাঁর নাম ভোটার হিসাবে নথিভুক্ত ছিল বলে খবর। এবিষয়ে একটি সর্বভারতীয় দৈনিকের রিপোর্ট উদ্ধৃত করে দলের প্রাক্তন নেতার অভিযোগ খারিজ করেছে আপ। তাদের দাবি, ‘বেআইনিভাবে’ দিল্লিতে নাম ঢোকানোর এই চেষ্টা নিয়ে তদন্ত হওয়া উচিত। এটা সর্বজনবিদিত যে রাঘব চাড্ডা পাঞ্জাবে নয়, দিল্লিতেই বসবাস করে আসছেন।

Advertisement

পাঞ্জাবের খসড়া তালিকায় তাঁকে ‘স্থানান্তরিত’ বলে চিহ্নিত করার একথা এক্স হ্যান্ডলে নিজেও জানিয়েছেন চাড্ডা। তিনি বলেছেন, এটি কেবল খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা আগামী অক্টোবরে প্রকাশিত হওয়ার কথা। এসআইআর নির্দেশিকায় প্রদত্ত প্রতিকারগুলির সহায়তা নিচ্ছেন তিনি। নিজের পুরানো দল আপকে তোপ দাগতেও ছাড়েননি চাড্ডা। লিখেছেন, ‘আমার নাম বাদ দেওয়াটা শুধুমাত্র ‘ক্লারিকাল’ ভ্রান্তি নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার স্পষ্ট ঘটনা। আমি দুর্নীতিগ্রস্ত আম আদমি পার্টি ছাড়ার পর থেকেই তারা রোষানলে জ্বলছে। আমাদের মতো যারা চুপ থাকতে রাজি হইনি, তাদের বিরুদ্ধে পাঞ্জাব পুলিশ এবং পাঞ্জাব সরকারের প্রশাসনিক যন্ত্রকে লেলিয়ে দেওয়া হয়েছে। আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অন্যান্য সাংসদদেরও নিশানা বানিয়ে চলেছে পাঞ্জাব সরকার।’ চাড্ডার আরও অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন স্তরে যে অফিসাররা কাজ করছেন, তাঁরা পাঞ্জাব সরকারেরই কর্মী। যদিও আপের পালটা বক্তব্য, এসআইআর নির্বাচন কমিশন পরিচালনা করে। ভোটার তালিকায় কার নাম অন্তর্ভুক্ত হবে বা বাদ পড়বে, সেই সিদ্ধান্ত পাঞ্জাব সরকার নেয় না।

Advertisement
সম্পর্কিত সংবাদ