Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

এগলেন সিনার ও জকোভিচ, কোটি টাকার গয়না পরে কোর্টে প্রতিবাদী সাবালেঙ্কা

অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকে দুরন্ত ছন্দে রয়েছেন জানিক সিনার। একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। এবার সামনে কেরিয়ার স্ল্যাম পূর্ণ করার হাতছানি। সেই লক্ষ্যে ফরাসি ওপেনে নেমে দুরন্ত ছন্দ মেলে ধরলেন ইতালিয়ান তরুণ।

এগলেন সিনার ও জকোভিচ, কোটি টাকার গয়না পরে কোর্টে প্রতিবাদী সাবালেঙ্কা
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০

প্যারিস: অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকে দুরন্ত ছন্দে রয়েছেন জানিক সিনার। একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। এবার সামনে কেরিয়ার স্ল্যাম পূর্ণ করার হাতছানি। সেই লক্ষ্যে ফরাসি ওপেনে নেমে দুরন্ত ছন্দ মেলে ধরলেন ইতালিয়ান তরুণ। প্রথম রাউন্ডের ম্যাচে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ক্লেঁম তাবুরকে। খেলার ফল ৬-১, ৬-৩, ৬-৪। শীর্ষ বাছাই তারকার দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হুয়ান ম্যানুয়াল সেরুনডোলা। উল্লেখ্য, চোটের কারণে রোলাঁ গারোর লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন কার্লোস আলকারাজ। ফলে সিনারের ট্রফি জয়ের দৌড় অনেকটাই মসৃণ হওয়ার কথা।

Advertisement

এদিন শুরু থেকেই অপ্রতিরোধ্য দেখায় শীর্ষ বাছাই ইতালিয়ানকে। প্রতিপক্ষ ক্লেঁম স্থানীয় খেলোয়াড় হওয়ায় পাশে পেয়েছিলেন গ্যালারিকে। কিন্তু ম্যাচ শুরু হতেই বদলে যায় চিত্র। প্রবল উৎসাহ লক্ষ্য করা যায় সিনারকে নিয়ে। ম্যাচে শেষে হাসি মুখে তিনি বলেন, ‘সবে একটা ম্যাচ হয়েছে। এখনও অনেকটা দূর যেতে হবে। ছন্দ বজায় রাখাই লক্ষ্য।’ 
এদিনই তৃতীয় রাউন্ডে ওঠেন নোভাক জকোভিচ। ফরাসি প্রতিপক্ষ ভ্যালেন্টিন রায়াকে ৬-৩, ৬-২, ৬-৭ (৭-৯), ৬-৩ সেটে হারান তিনি। এই নিয়ে টানা ২১তম বছর তিনি এই আসরের তৃতীয় রাউন্ডে পৌঁছান। তবে প্যারিসের হাঁসফাঁস করা গরমে ৩ ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে বেশ বেগ পেতে হয় তৃতীয় বাছাই জোকারকে। ৩৯ বছর বয়সি কিংবদন্তির পরের প্রতিদ্বন্দ্বী প্রিজমিক ও ফনসেকা ম্যাচের বিজয়ী।
এদিকে, মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডের ছাড়পত্র পেলেন ইগা সুইয়াটেক। তৃতীয় বাছাই তারকা স্ট্রেট সেটে হারালেন চেকের সারা বেজলেককে। খেলার ফল ৬-২, ৬-৩। তবে জোর চর্চা চলছে এরিনা সাবালেঙ্কাকে নিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে পুরস্কার মূল্য নিয়ে সরব হয়েছিলেন তিনি। কোর্টে নেমেও অভিনব কায়দায় বিক্ষোভ দেখালেন বেলারুশের তারকা। খেললেন বহুমূল্য হীরে ও গোমেদের গয়না পরে! যার বাজার দর প্রায় ১ কোটি টাকা। সাবালেঙ্কার পারফরম্যান্সও ছিল ঝলমলে। প্রথম রাউন্ডে শীর্ষ বাছাই ৬-৪, ৬-২ স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন স্পেনের জেসিকা ব্রুজাসকে। এছাড়া এদিন দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন এলিনা রিবাকিনা। ইউক্রেনের ইউলিয়া স্টারোডাবসেভাসের কাছে  ৬-৩, ১-৬, ৬-৭ (৪-১০) সেটে হেরে বিদায় নেন দ্বিতীয় বাছাই তারকা। 

সম্পর্কিত সংবাদ