Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সরল গেরুয়া, অ্যাকাডেমির বাড়ি ফিরে পেল পুরানো রং

সাদা রং ফিরে এল অ্যাকাডেমি অব ফাইন আর্টসের ছোটো বাড়িতে। সরকারের পরিবর্তনের পর আচমকাই একদল লোক এসে অ্যাকাডেমির মূল ফটকের গায়ের ছোটো বাড়িটির রং গেরুয়া করে দিয়েছিল

সরল গেরুয়া, অ্যাকাডেমির বাড়ি ফিরে পেল পুরানো রং
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাদা রং ফিরে এল অ্যাকাডেমি অব ফাইন আর্টসের ছোটো বাড়িতে। সরকারের পরিবর্তনের পর আচমকাই একদল লোক এসে অ্যাকাডেমির মূল ফটকের গায়ের ছোটো বাড়িটির রং গেরুয়া করে দিয়েছিল। সেখানে ভারতমাতার ছবিও বসানো হয়েছিল। তারপর থেকেই নাট্যকর্মীদের একাংশ এই ঘটনার সমালোচনা শুরু করেন। প্রতিবাদে সোচ্চার হয়েছিল বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ। আবার নাট্যকর্মীদের একাংশ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে গিয়েও বৈঠক করে আসেন। কিন্তু বাড়ির রং গেরুয়াই থেকে যায়। তাই মঙ্গলবার নাট্যকর্মীদের একাংশ অকাদেমি চত্বরে সভা করে ওই বাড়িটির দেওয়ালে সাদা রঙের পোঁচ মেরে দেন।

Advertisement

গত জুলাই মাসে অ্যাকাডেমির টিকিট ঘর সংলগ্ন ওই ঘরটির দেওয়ালে গেরুয়া রং করা হয়। তারপর থেকেই বিতর্কের সূত্রপাত। শিল্পী-নাট্যকর্মীদের বক্তব্য, নাটকের এই জায়গায় কখনো রাজনৈতিক রং লাগা উচিত নয়। এদিন শিল্পী ও নাট্যকর্মীদের একাংশ ওই চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। তারপরেই রং বদল হয় ওই ঘরটির। নাট্যকার চন্দন সেন (সিনিয়র) বলছিলেন, ‘আমরা কয়েকজন মিলে শমীক ভট্টাচার্যের কাছে গিয়েছিলাম। উনি বলেছিলেন, ১৫ দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা তো অনেকদিন অপেক্ষা করলাম। এবার শিল্পী-নাট্যকর্মীরা নিজেই সাদা রং করে দিয়েছেন। এর আগে আমরা কংগ্রেস, সিপিএম ও তৃণমূলকে দেখেছি। ওরা কেউ এমন কাজ করেনি। আমরা তো রাজনৈতিক রং চাইনি। সাদা ছিল, আবার সেই রং করে দেওয়া হয়েছে। ওই ঘরটিতে ‘বহুরূপী’ টিকিট বিক্রি করত। তার একটা ঐতিহ্য আছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ