নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এসআইআরের জেরে শিলিগুড়িতে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নাগরিকদের পরিষেবা অব্যাহত রাখবে পুরসভা। বৃহস্পতিবার তারা বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে উত্তরের এই ‘বাণিজ্য নগরীকে’ পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে পুরসভা। তারা এজন্য পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন মহলকে নিয়ে শীঘ্রই বৈঠক করবে।
ভোটের জন্য মার্চ মাসে বোর্ড মিটিং হয়নি। ভোট মেটার পর এদিন পুরসভায় ৫০তম বোর্ড মিটিং হয়। সভায় এসআইআরে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নাগরিকদের পাশে দাঁডানোর দাবি তোলেন সিপিএম কাউন্সিলার শরদিন্দু চক্রবর্তী। তিনি বলেন, রাজ্যের অন্যান্য প্রান্তের মতো এই শহরের ভোটার তালিকা থেকেও প্রচুর বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। তাঁরা যাতে সরকারি বিভিন্ন দপ্তরে, ব্যাংকে কাজ করতে গিয়ে সমস্যায় না পড়েন সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাঁরা যাতে সরকারি পরিষেবা থেকেও বঞ্চিত না হন।
সভায় এই ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন মেয়র গৌতম দেব। তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন, অপরিকল্পিতভাবে এসআইআর করে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে কাটা হয়েছে। এখানে পরিসংখ্যান দিয়ে মেয়রের সংযোজন, এই শহরে প্রায় ৭৭ হাজার ৫৬৭ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এমন নাগরিকের সংখ্যা শহরের ৩৩টি ওয়ার্ডে ৪২ হাজার ৯৮৩ জন। বাকি ৩৪ হাজার ৫৮৪ জন নাগরিক শহরের সংযোজিত ১৪টি ওয়ার্ডের বাসিন্দা। এর বাইরে বিচারাধীন ছিলেন আট হাজার জন। এঁদের সকলের নাগরিক পরিষেবা অব্যাহত থাকবে। বিভিন্ন সরকারি দপ্তর ও প্রকল্পের সুযোগ-সুবিধা থেকেও যাতে বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রাখা হবে। এঁরা যাতে ফের ভোটাধিকার ফিরে পান এ ব্যাপারে যতদূর লড়াই করার করব।
এদিকে, শহরে পর্যটকদের ভিড় আরও বাড়বে। এমন প্রত্যাশা করেই শহরকে পর্যটনবান্ধব করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মেয়র বলেন, শহর সংলগ্ন এলাকায় মহাকাল মন্দির নির্মাণ হচ্ছে। এখানে একটি কনভেনশন সেন্টার গড়ে তোলা হবে। এরপর এখানে পর্যটকের ভিড় আরও বাড়বে। এজন্য শহরকে পর্যটনবান্ধব করে তোলার পরিকল্পনা নিয়েছি। এজন্য রেল স্টেশন, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় সহায়তা কেন্দ্র করার কথা ভাবা হচ্ছে। শহরের প্রধান রাস্তা ও বাজার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। বিভিন্ন প্রান্তে আরও সবুজায়ন করা হবে। প্লাস্টিক ও থার্মোকলমুক্ত শহর গড়ে তোলা হবে। এজন্য শীঘ্রই পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ট্যুর অপারেটর সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করা হবে। উল্লেখ্য, এদিনের সভায় ৪৭ জন কাউন্সিলারের মধ্যে গরহাজির ছিলেন একাধিক। • বোর্ড মিটিং পুরসভার। - নিজস্ব চিত্র।