নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমা আদালতের আইনজীবীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটল শুক্রবার। এবার আইনজীবীদের মারে রক্তাক্ত হলেন এক আইনজীবী। সকালে আদালতে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। ঘটনায় দু’পক্ষের আইনজীবীরা একেঅপরের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার এক অভিযুক্ত, তার বাবা এবং অভিযুক্তের পক্ষের আইনজীবীকে মারধরের ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছিল আদালত চত্বরে। সেই ঘটনারই জেরে এদিন ফের মারামারি হল।
শিলিগুড়ি আদালতের আইনজীবী অরুণাভ পাল বৃহস্পতিবার তাঁর এক মক্কেলের জামিনের জন্য আদালতে সওয়াল করেছিলেন। অভিযুক্তর বিরুদ্ধে শিলিগুড়ি আদালতের এক মহিলা আইনজীবীকে প্রেমেরজালে ফাঁসিয়ে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ ছিল। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই মক্কেলের হয়ে জামিনের আবেদন যাতে অরুণাভবাবু না করেন তারজন্য আগে থেকেই আইনজীবীদের একাংশ তাঁকে বাধা দিয়েছিলেন। তবে সেই বাধা না মেনে আদালতে নিজের মক্কেলের জন্য সওয়াল করেছিলেন অরুণাভবাবু। এরপরই ওই দিন আদালত থেকে বের হওয়ার সময় অভিযুক্ত যুবক, তার বাবা ও আইনজীবী অরুনাভ পালকে আদালতের একাংশ আইনজীবীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ ওঠে।
এদিন আদালত চত্বরে অন্য মামলার জন্য আসেন অরুনাভবাবু। অভিযোগ, সেই সময় মহিলা আইনজীবীর ঘটনা নিয়ে কয়েকজন আইনজীবীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। সেই বচসা থেকে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। মারধরে অরুণাভবাবুর মুখের একাধিক জায়গায় আঘাত লেগেছে। যদিও শিলিগুড়ি আদালতের আইনজীবীদের অপরঅংশের দাবি, অরুনাভবাবু এদিন আদালত চত্বরে এসে অন্য আইনজীবীদের হুমকি দেন। তার থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিস আদালত চত্বরে পৌঁছে জখম আইনজীবী অরুণাভ পালকে হাসপাতালে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনা প্রসঙ্গে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক ধারা বলেন, নিজেদের মধ্যে একটি ঘটনা ঘটেছে। বড় কিছু হয়নি। দু’পক্ষের সঙ্গে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। যদিও জখম অরুণাভবাবু বলেন, আমার এক মক্কেলের হয়ে মামলা লড়ার জন্য আমাকে মারধর করা হয়েছে। আমি মুখে এবং নাকে মারাত্মক চোট পেয়েছি। আমি থানায় অভিযোগ দায়ের করব।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং জানিয়েছেন, অভিযোগ জমা পড়লে খতিয়ে দেখে আইনি পদক্ষেপ করা হবে।