Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইক নিয়ে নেপালে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু শ্যামপুরের যুবকের

বাইক চালিয়ে ঘুরে বেড়ানোটা ছিল তাঁর নেশা। বাইক চালিয়ে কখনও গিয়েছেন পুরী, আবার কখনও লাদাখ।

বাইক নিয়ে নেপালে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু শ্যামপুরের যুবকের
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাইক চালিয়ে ঘুরে বেড়ানোটা ছিল তাঁর নেশা। বাইক চালিয়ে কখনও গিয়েছেন পুরী, আবার কখনও লাদাখ। সেই নেশার টানেই শ্যামপুরের বকুলতলা থেকে সুদূর নেপালে চলে গিয়েছিলেন সুমন মণ্ডল (২৪)। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হল না তাঁর। নেপালের পশুপতিনগর ফাঁড়ির কাছে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সুমনের। চনমনে যুবকটির এহেন মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পাড়া। ২০২২ সাল থেকে বাইক নিয়ে দূরদূরান্তে যাচ্ছিলেন তিনি। এর মধ্যে একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশও করেন। তারপর চাকরির সম্ভবনাও ছিল। এইসব পরীক্ষা দেওয়ার জন্য গত এক বছর কোথাও ঘুরতে যাননি সুমন। অনেক দিন পরে নেপালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন তিনি। সূত্রের খবর, তাঁর সঙ্গে এক বন্ধুও গিয়েছিলেন। যদিও কোনো কারণবশত ঘোরার মাঝপথে ওই বন্ধু বাড়ি চলে আসেন। সুমন একাই নেপাল ভ্রমণের শেষে বাড়ি ফিরছিলেন। শনিবার দুপুর আড়াইটা নাগাদ ভারত সীমান্তের ৫০ কিলোমিটার আগে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। নেপাল পুলিশ উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে নেপাল পুলিশের মাধ্যমে সুমনের মৃত্যু সংবাদ পান তাঁর পরিবারের লোকেরা। এরপরে নেপালে গিয়ে মঙ্গলবার তাঁরা সুমনের মৃতদেহ নিয়ে আসেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ