কলম্বো: টেস্টের চারদিন চালকের আসনে থেকেও ম্যাচ ড্র। তার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রীতিমতো বিপাকে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ সিরিজ জিতলেও ফাইনালের পথ অত্যন্ত কঠিন হল টিম ইন্ডিয়ার জন্য। ডব্লুটিসি টেবিলে আপতত পঞ্চম স্থানে রয়েছে ভারত। ১১ ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে জিতে গম্ভীর-ব্রিগেডের পিসিটি ৫১.৫২। তবুও ভারতীয় অধিনায়ক শুভমান গিল আশাবাদী। বৃহস্পতিবার ম্যাচের পর তাঁর বক্তব্য, ‘নভেম্বরে নিউজিল্যান্ডে ভালো খেলতে হবে। তারপর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে। আমরা আশাবাদী, পথ কঠিন হলেও ডব্লুটিসি ফাইনালে পৌঁছাতে পারব। তার জন্য পরের সিরিজগুলিতে সেরাটা মেলে ধরতে তৈরি।’
ভারত অধিনায়ক মুখে যাই বলুন না কেন, গৌতম গম্ভীর ও তাঁর জুটির উপর আস্থা রাখাই দায়! তাঁদের বক্তব্য ইদানীং ভোট প্রচারের মঞ্চে দাঁড়িয়ে ঘোড়েল রাজনীতিকের ‘মিঠে প্রতিশ্রুতি’র মতোই শোনাচ্ছে। বিগত আমলের ব্যর্থতা লুকোতে আগামীর অলীক কল্পনায় জনতাকে (সমর্থকদের) বিভোর করে দেওয়ার থিওরি। একইভাবে শ্রীলঙ্কাকে বাগে পেয়েও যারা পুরো পয়েন্ট জোগাড়ে ব্যর্থ হয়, তারাই নাকি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ডব্লুটিসি ফাইনালের টিকিট ছিনিয়ে নেবে! সে ভালো কথা। কিন্তু কলম্বোয় জেতা ম্যাচ ফস্কালেন কীভাবে? বিশ্লেষণে অধিনায়কের সংযোজন, ‘খুবই বিরক্তিকর। আমরা প্রায় ১৫০ ওভার ফিল্ডিং করেছি। শ্রীলঙ্কাকে অল-আউট করার মরিয়া চেষ্টা চালিয়েছি। পঞ্চম দিন শুরু থেকেই অ্যাটাক করেছি। উইকেট স্লো হয়ে পড়ায় সমস্যা হয়েছে। ব্যাটার যদি রানের পিছনে না ছুটে কেবল ডিফেন্স করতে থাক, তখন আউট করা মুশকিল হয়ে দাঁড়ায়। আমরা সবরকম চেষ্টা করেছি। এর চেয়ে বেশি কিছু করার ছিল না।’ ফলো-অন করানো প্রসঙ্গে গিলের বক্তব্য, ‘বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম। ক্রিকেটে কিছু জিনিস তোমার পক্ষে যাবে। কিছু বিপক্ষে। এটাই তো মজা। শ্রীলঙ্কার ব্যাটাররা দারুণ খেলেছে। পাশাপাশি ভাগ্যও ওদের সঙ্গে ছিল। তবে দারুণ একটা ম্যাচ হল। আমি তো বলব, টেস্ট ক্রিকেটের জয় হয়েছে।’
স্কোরবোর্ড: ভারত প্রথম ইনিংস- ৯ উইকেটে ৫০৩। শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ২৯০ (ফলো অন)। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস (৬ উইকেটে ২২৯ রান থেকে): সোনাল অপরাজিত ১৩৩, কেশারা ক জুলের বো সুথার ৪৬, জয়সূর্য ক জুরেল বো জাদেজা ২, লাহিরু ক যশস্বী বো জাদেজা ১২, আশিথা অপরাজিত ০, অতিরিক্ত ২৫, মোট ৯ উইকেটে ৪২৯ রান ডিক্লেয়ার (১৫৪ ওভারে)। উইকেট পতন ৭-৩৩০, ৮-৩৫৫, ৯-৪০২। বোলিং: প্রসিদ্ধ ১৮.৩-৩-৫৭-১, সিরাজ ১৫-৭-২৬-১, সুথার ৪১-৭-১২১-৩, জৈন ৩৭-৪-৯৮-১, জাদেজা ৩৮.৩ -৪-৯৪-৩, গিল ২-০-৮-০, যশস্বী ১-০-৯-০, জুরেল ১-০-১-০।
ম্যাচ ড্র ১-০ ব্যবধানে সিরিজ জয় ভারতের। ম্যাচের সেরা- দিনুশা।