লখনউ, ১৭ জুন: আফগানিস্তানকে হারিয়ে ১৭০ রানে জয়ী হল টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন শুভমানরা। আজ, বুধবার ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ। প্রথমে ব্যাট করতে নেমে কার্যত ঝড় তোলে ভারতীয় ক্রিকেট দল। যশস্বী (৪) এবং রোহিত শর্মা (৪৮) রানে আউট হয়ে যান। এরপর বিধ্বংসী ব্যাটিং শুরু করেন অধিনায়ক শুভমান গিল। করেন ১৫৪ রান। মারেন ২টি ছয় এবং ২২টি চার। তাঁকে যোগ্যসঙ্গত দেন ঈশান কিষাণ। তিনি ৭৯ বলে ১২৫ রান করেন। এরপর অবশ্য শ্রেয়সের (২৬) এবং ওয়াশিংটনের (১৯) রান ছাড়া সেভাবে কেউই তেমন রান পাননি। কিপার কে এল রাহুল (০), গুরনোর (৩), অর্শ্বদীপ (৩), কুলদীপ (৩) এবং প্রিন্স যাদব (৫) রান করেন। ৪৯.৫ ওভারে ৪০২ রান তোলে ভারতীয় দল। আফগানিস্তানের বোলার খারোটি নেন ৪টি উইকেট। ৩টি উইকেট পান রশিদ খান। ১টি করে উইকেট আসে খাজানফার এবং সালিম সাফির ঝুলিতে।



