বেঙ্গালুরু: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গ্রুপ পর্বের ফর্ম প্রিলিমিনারি কোয়ার্টার ফাইনালেও ধরে রাখতে মরিয়া বাংলা। শেষ আটে ওঠার লড়াইয়ে সোমবার চণ্ডীগড়ের মুখোমুখি হবেন সুদীপ, অভিষেকরা। এই ম্যাচে বিশেষভাবে নজর থাকবে মহম্মদ সামির উপর। বাংলার তারকা পেসারের অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার জল্পনা চলছে। তাই তাঁর পারফরম্যান্স ও ফিটনেসের দিকে চোখ থাকবে নির্বাচকদের। গ্রুপ পর্বে সাত ম্যাচের ছ’টিতে জিতেছে বাংলা। লক্ষ্মীরতন শুক্লার দলের পয়েন্ট গ্রুপ এ-এর শীর্ষে থাকা মধ্যপ্রদেশের সমান ২৪। তবে হেড টু হেডে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে শেষ করে বঙ্গ ব্রিগেড। তাই শেষ আটের টিকিটের জন্য বাংলাকে প্রিলিমিনারি কোয়ার্টার ফাইনাল খেলতে হচ্ছে। ব্যাটিংয়ে বড় ভরসা অভিষেক পোড়েল, সুদীপ কুমার ঘরামি, করণ লালরা। এছাড়া অলরাউন্ডার শাহবাজ আহমেদও দারুণ ছন্দে আছেন।



