নয়াদিল্লি: ইন্ডিয়া ওপেনে পিভি সিন্ধুর দুরন্ত ছন্দ অব্যাহত। বৃহস্পতিবার মহিলাদের সিঙ্গলসে জাপানের মানামি সুইজুকে স্ট্রেট গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন দু’বারের ওলিম্পিক পদকজয়ী তারকা। ম্যাচের ফল ২১-১৫, ২১-১৩। শুক্রবার শেষ আটের লড়াইয়ে সিন্ধুর প্রতিপক্ষ প্যারিস ওলিম্পিকসে ব্রোঞ্জ জয়ী ইন্দোনেশিয়ান গ্রেগরিয়া মারিস্কা তুনজুং। কঠিন চ্যালেঞ্জ হলেও আত্মবিশ্বাসী ভারতীয় তারকা। সিন্ধুর কথায়, ‘ধীরে ধীরে ছন্দে ফিরছি। সামনে আরও কঠিন লড়াই। তবে সেরাটা উজাড় করে দিতে আমি প্রস্তুত।’ ছেলেদের সিঙ্গলসে ভারতের কিরণ জর্জও শেষ আটে পৌঁছেছেন। ফ্রান্সের লানিয়েরকে তিনি ২২-২০, ২১-১৩ ব্যবধানে হারিয়েছেন।
Advertisement
ছেলেদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। প্রথম গেমে পিছিয়ে পড়েও জাপানের কেনিয়া মিত্সুহাশি-হিরকি ওকামুরা জুটিকে বশ মানিয়েছেন তাঁরা। ম্যাচের ফল ২০-২২, ২১-১৪, ২১-১৬। জয়ের পর চিরাগ বলেন, ‘কেনিয়া-হিরকি ভালোই বেগ দিয়েছে। আসলে প্রথম গেমে আমরা অনেক ভুল করেছিলাম। তবে শেষ পর্যন্ত জয় পাওয়ায় খুশি। পরের ম্যাচেও ছন্দ ধরে রাখতে বদ্ধপরিকর।’ উল্লেখ্য, ছেলেদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে পৌঁছছেন প্যারিস ওলিম্পিকসে সোনা জয়ী ভিক্টর অ্যাক্সেলসেনও। সিঙ্গাপুরের জিয়া হেং জেসনকে ২১-১১, ২১-১৪ ব্যবধানে হারিয়েছেন ডেনমার্কের তারকা।



