Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

শেষ আটে চোখ বাংলার

শেষ আটে চোখ বাংলার
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজয় হাজারে ট্রফিতে সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলার সুযোগ ছিল বাংলার। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মধ্যপ্রদেশের কাছে হেরে প্রি কোয়ার্টার-ফাইনাল খেলতে হচ্ছে বঙ্গ-ব্রিগেডকে। বৃহস্পতিবার অবশ্য কোনও ভুল করতে চান না সুদীপ ঘরামি বাহিনী। হরিয়ানাকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের টিকিট অর্জন করাই লক্ষ্য লক্ষ্মীরতন শুক্লার ছাত্রদের।
Advertisement
ছয় ম্যাচের চারটিতে জিতে গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেছে বাংলা। ব্যাটিংয়ে অধিনায়ক সুদীপ, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েলরা বড় ভরসা। পাশাপাশি, প্রি কোয়ার্টার-ফাইনালে অভিমন্যু ঈশ্বরণের দলে ফেরা শক্তি বাড়াচ্ছে। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় স্কোয়াডে থাকলেও টেস্ট অভিষেক হয়নি তাঁর। প্রায় দু’মাস পর ম্যাচে নামবেন অভিমন্যু। বাংলার বোলিংয়ের প্রধান ভরসা মহম্মদ সামি। তারকা ক্রিকেটার গত ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। একটি উইকেটও পান। তবে সেরা ছন্দে এখনও আসেননি তারকা এই পেসার। চোট সমস্যা কাটিয়ে উঠেছেন আর এক পেসার, মুকেশ কুমারও। আকাশ দীপ যদিও চোট সারাতে গিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।
পক্ষান্তরে, হরিয়ানা গতবারের বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন। চলতি মরশুমেও ছন্দে রয়েছে তারা। গ্রুপ পর্বে সাত ম্যাচের ছ’টিতেই এসেছে জয়। সেই ছন্দ বজায় রেখে বাংলাকে কড়া চ্যালেঞ্জ জানাতে তৈরি হরিয়ানা। ব্যাটিংয়ে তাদের বড় ভরসা হিমাংশু রানা। এছাড়া ক্যাপ্টেন অঙ্কিত কুমারও দুরন্ত ছন্দে। নিয়মিত উইকেট পাচ্ছেন আনশুল কাম্বোজ, অমিত রানারা।
সম্পর্কিত সংবাদ