নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৯৬২ সালে নরি কন্ট্রাক্টরের নেতৃত্বে ক্যারিবিয়ান সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সিরিজ শুরুর আগে বার্বাডোজের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে নামে টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম দিনেই মর্মান্তিক ঘটনা। চার্লি গ্রিফিথের বাউন্সার ভারতীয় অধিনায়ক নরি কন্ট্রাক্টরের মাথার খুলিতে আঘাত করে। পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তিনি। ছিল প্রাণ সংশয়ের আশঙ্কা। তড়িঘড়ি দু’টি অস্ত্রোপচার করতে হয়। প্রয়োজন পড়ে রক্তের। সেদিন রক্ত দিয়ে কন্ট্রাক্টরের প্রাণ বাঁচিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ফ্র্যাঙ্ক ওরেল, চাঁদু বোরদে, বাপু নাদকার্নি, পলি উমরিগর এবং সাংবাদিক প্রভু। এই পাঁচজনের মধ্যে জীবিত একমাত্র চাঁদু বোরদে। এবার সিএবি’র ফ্র্যাঙ্ক ওরেল ডে’তে রক্তদাতাদের এই প্রাক্তন ক্রিকেটারের সই করা শংসাপত্র দেওয়া হবে।



