Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শ্রেয়স চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দাপট দেখাবে: রিকি পন্টিং 

শ্রেয়স চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দাপট দেখাবে: রিকি পন্টিং 
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কটক: আইপিএল নিলামে শ্রেয়স আয়ারকে ২৬.৭৫ কোটি টাকায় নিয়েছে পাঞ্জাব কিংস। মুম্বইকরকেই অধিনায়ক ঘোষণা করেছে তারা। পাঞ্জাব কোচ রিকি পন্টিংই প্রধান ভূমিকা নিয়েছেন শ্রেয়সকে দায়িত্বভার তুলে দেওয়ার ক্ষেত্রে। তবে ভারতের একদিনের দলে ৩০ বছর বয়সির জায়গা পাকা না হওয়ায় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রীতিমতো বিস্মিত। 
Advertisement
বৃহস্পতিবার নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৩৬ বলে ঝোড়ো ৫৯ করেন শ্রেয়স। তারপরই পন্টিং বলেছেন, ‘গত কয়েক বছরে ভারতীয় দলে ওর নিয়মিত জায়গা না পাওয়া আমাকে অবাক করেছে। ২০২৩ সালে দেশের মাঠে ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিল। সেই আসরে মিডল অর্ডারে দারুণ খেলেছিল। আমার মনে হয়েছিল যে, জায়গা পাকা করে ফেলেছে ও। কিন্তু তারপর চোট-আঘাতের কারণে দলের বাইরে ছিটকে যায়। তবে এই বছর ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ফর্মে রয়েছে।’ শুধু চোট-আঘাতই নয়, শৃঙ্খলাজনিত কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রেয়সের কেরিয়ার। নাগপুরে তাঁর খেলার কথাই ছিল না। বুধবার রাতে তিনি যখন সিনেমা দেখছেন, তখনই আসে অধিনায়ক রোহিত শর্মার বার্তা। বিরাট কোহলির হাঁটুতে হঠাৎ চোটের কথা জানান ক্যাপ্টেন। ফলে তাঁকে খেলতে হতে পারে বলে ইঙ্গিত দেন রোহিত। সঙ্গে সঙ্গে সিনেমা বন্ধ করে শুয়ে পড়েন শ্রেয়স। ম্যাচে চার নম্বরে নেমে দুরন্ত ইনিংস উপহার দেন তিনি। 
রবিবার শ্রেয়সের জায়গা অবশ্য অনিশ্চিতই। পন্টিং যদিও মনে করছেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কাজে আসবে স্পিনের বিরুদ্ধে শ্রেয়সের দক্ষতা। পঞ্জাব কিংস কোচ বলেছেন, ‘সাদা বলে দাপট দেখানোর মতো দক্ষতা রয়েছে শ্রেয়সের। মন্থর, নীচু হওয়া উইকেটে ও দারুণ কার্যকরী। স্পিনের বিরুদ্ধে তুলে মারতেও সিদ্ধহস্ত। আমি খুশি যে, শ্রেয়স জাতীয় দলে ফিরে রান পেয়েছে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ