জিকেরবেরহা: দক্ষিণ আফ্রিকার মাটিতে অসহায় আত্মসমর্পণ শ্রীলঙ্কার। দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী দলকে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল প্রোটিয়ারা। ৬৩.৩৩ পিসিটি’র সুবাদে তাদের ফাইনালে খেলা কার্যত নিশ্চিত। আর তাতেই রীতিমতো চাপে ভারত। অ্যাডিলেড টেস্টে হেরে টেবিলের তিন নম্বরে নেমে গিয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে। ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে হলে বর্ডার-গাভাসকর ট্রফির বাকি তিন ম্যাচের মধ্যে অন্তত দু’টি জয় ও একটিতে ড্র করতে হবে রোহিত শর্মাদের। মাথায় রাখতে হবে, ভারতের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্ট রয়েছে অস্ট্রেলিয়ার।
Advertisement
এদিকে, ঘরের মাঠে দুরন্ত ফর্ম জারি রেখেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১০৯ রানে জিতিছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৫৮ রানের জবাবে ৩২৮ তোলে শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ৩১৭। অর্থাত্ জয়ের জন্য সফরকারি দলের সামনে টার্গেট ছিল ৩৪৮ রানের। কেশব মহারাজের স্পিনের ছোবলে দাঁড়াতে পারেনি তারা। ২৩৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাদের শেষ পাঁচটি উইকেট পড়েছে মাত্র ১৯ রানে। দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার কেশব মহারাজ ৭৬ রানে পাঁচ উইকেট নিয়েছেন।



