Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয় শ্রেয়সদের

পাঞ্জাব কিংসের জয়রথ ছুটছেই। শনিবার মুল্লানপুরে শ্রেয়স আয়ারের দল সাত বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদকে।

হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয় শ্রেয়সদের
  • ১২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ চন্ডীগড়: পাঞ্জাব কিংসের জয়রথ ছুটছেই। শনিবার মুল্লানপুরে শ্রেয়স আয়ারের দল সাত বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদকে। প্রথমে ব্যাট করে ঈশান কিষান ব্রিগেড ছয় উইকেটে তোলে ২১৯। জবাবে ১৮.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছয় পাঞ্জাব (২২৩-৪)। ক্যাপ্টেন শ্রেয়স ছাড়াও ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন প্রিয়াংশ আর্য্য ও প্রভসিমরন সিং। এই জয়ের সুবাদে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখল পাঞ্জাব। অন্যদিকে, চার ম্যাচের তিনটিতেই পরাজিত কমলা জার্সিধারীরা। হায়দরাবাদের ঝুলিতে মাত্র ২ পয়েন্ট।

Advertisement

অথচ, টস হেরে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তুলেছিল সানরাইজার্স। দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড প্রথম উইকেট জুটিতে তোলেন ১২০ রান। তাঁদের দাপটে তখন তিনশোকেও অসম্ভব মনে হচ্ছে না। ২৩ বলে ট্রাভিস করেন ৩৮। ২৮ বলে অভিষেকের সংগ্রহ ৭৪। তাঁর ইনিংসে ছিল আটটি ছক্কা ও পাঁচটি চার। কিন্তু নবম ওভারে শশাঙ্ক সিংয়ের শিকার হন দু’জনেই। এরপরই রানের গতি পড়তে থাকে। ঈশান (২৭) ফেরার পর হেনরিখ ক্লাসেন (৩৯) দলকে দুশোর ওপারে পৌঁছে দেন।
অভিষেক-হেডের পালটা হিসেবে পাঞ্জাবের শুরুটা ঝড়ের গতিতে করেন প্রিয়াংশ ও প্রভসিমরন। পাওয়ার প্লে’তে তাঁদের সংগ্রহ ৯৩। পাঁচটা ছক্কা ও পাঁচটা চারের সাহায্যে প্রিয়াংশ ২০ বলে ৫৭ করে ফেরেন। ২৫ বলে প্রভসিমরনের সংগ্রহ ৫১। এরপর ক্যাপ্টেন শ্রেয়স (৩৩ বলে অপরাজিত ৬৯) ভরসা দেন দলকে। তিনিও পাঁচটা ছক্কা ও পাঁচটা চার মারেন। ম্যাচের সেরার পুরস্কার পান শ্রেয়সই।

সম্পর্কিত সংবাদ