Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

স্বপ্নভঙ্গের মাঝেও উজ্জ্বল শ্রেয়স

টানা ছয় ম্যাচে পরাজয়ের পর অবশেষে জয়। শনিবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসকে দাপটে ৭ উইকেটে হারানোর পর উচ্ছ্বসিত দেখিয়েছিল পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ারকে।

স্বপ্নভঙ্গের মাঝেও উজ্জ্বল শ্রেয়স
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: টানা ছয় ম্যাচে পরাজয়ের পর অবশেষে জয়। শনিবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসকে দাপটে ৭ উইকেটে হারানোর পর উচ্ছ্বসিত দেখিয়েছিল পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ারকে। ১৮তম ওভারের শেষ বলে ছক্কা মেরে দলকে জেতানোর পাশাপাশি শতরানও পূর্ণ করেন তিনি। আইপিএলে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। একইসঙ্গে এই ইনিংসটা প্লে-অফের আশাও জিইয়ে রেখেছিল পাঞ্জাবের। কিন্তু রবিবার রাজস্থানের জয়ে ফিকে হয়ে গেল শ্রেয়সের হাসি। তাতেও ম্লান হওয়ার নয় তাঁর অধিনায়কোচিত সেঞ্চুরি। এবারের আসরে যথার্থ অর্থেই আলো ছড়িয়েছেন তিনি। শনিবার ম্যাচের সেরা হয়ে তিনি বলেন, ‘দারুণ আনন্দিত। এই সেঞ্চুরিটা কাজে এসেছে, দলকে জেতাতে সাহায্য করেছে। টানা ৬টা ম্যাচে হেরেছিলাম আমরা। তারপর এসেছে এই জয়। তাই অনেকটাই চাপমুক্ত লাগছে। জানতাম ক্রিজে থাকলে, শটের টাইমিং ঠিকঠাক হলে রান আসবে। তাই যতক্ষণ সম্ভব টিকে থাকাই ছিল লক্ষ্য। জেতার পর অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ছক্কা মেরে সেঞ্চুরি, ম্যাচ জেতানো, দারুণ লাগছিল।’

Advertisement

পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং প্রশংসায় ভরিয়েছেন শ্রেয়সকে। কোচের কথায়, ‘নিখুঁতভাবে ১৯৭ রানের টার্গেট তাড়া করেছি আমরা। আমাদের অধিনায়ক অবশ্য আগেও এমন রান তাড়া করে জিতিয়েছে। তবে আইপিএলে এটাই শ্রেয়সের প্রথম সেঞ্চুরি। সেটার জন্য সেলিব্রেশনের পরিকল্পনা আছে। ও অসাধারণ ক্রিকেটার। খেলোয়াড় হিসেবে অত্যন্ত পরিণত। নেতা হিসেবেও তাই। আবেগকে সামলে রাখতে জানে। সতীর্থদের কাছে শ্রদ্ধা আদায় করতে পারে। একজন কোচ হিসেবে ওর সঙ্গে কাজ করতে পারা আনন্দের।’ লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ আবার হতাশাজনক মরশুমের যন্ত্রণা কাটিয়ে পরের মরশুমে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন সমর্থকদের।

সম্পর্কিত সংবাদ