Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিসিসিআইয়ের চুক্তিতে ফিরলেন শ্রেয়স, ঈশান

প্রত্যাশামতোই বোর্ডের চুক্তিতে ফিরলেন শ্রেয়স আয়ার ও ঈশান কিষান। ঘরোয়া ক্রিকেটকে অবহেলার কারণে গত মরশুমে চুক্তি থেকে বাদ পড়েছিলেন তাঁরা।

বিসিসিআইয়ের চুক্তিতে ফিরলেন শ্রেয়স, ঈশান
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রত্যাশামতোই বোর্ডের চুক্তিতে ফিরলেন শ্রেয়স আয়ার ও ঈশান কিষান। ঘরোয়া ক্রিকেটকে অবহেলার কারণে গত মরশুমে চুক্তি থেকে বাদ পড়েছিলেন তাঁরা। সোমবার প্রকাশিত বোর্ডের চুক্তিতে রয়েছেন দু’জনেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্সের কারণে শ্রেয়স জায়গা পেয়েছেন বার্ষিক তিন কোটি টাকার ‘গ্রেড বি’তে। সেখানে ঈশান রয়েছেন বার্ষিক এক কোটি টাকার ‘গ্রেড সি’তে।

Advertisement

এছাড়া কোনো চমক নেই চুক্তিপত্রে স্থান পাওয়া ক্রিকেটারদের তালিকায়। ‘গ্রেড এ প্লাস’ চুক্তিপত্রে জায়গা ধরে রাখলেন রোহিত শর্মা, বিরাট কোহলিও। বার্ষিক সাত কোটি টাকার সর্বোচ্চ এই চুক্তিতে আছেন যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজাও। উল্লেখ্য, রোহিত, বিরাট, জাদেজা টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাঁরা খেলেন টেস্ট ও ওডিআই ফরম্যাট। কিন্তু বোর্ড তাদের নীচের গ্রেডে পাঠায়নি। ঋষভ পন্থ  দুর্ঘটনার কারণে ক্রিকেটের বাইরে থাকায় নেমে গিয়েছিলেন ‘গ্রেড বি’তে। তিনি ফেরত এসেছেন ‘গ্রেড এ’তে। বার্ষিক পাঁচ কোটি টাকার এই গ্রেডে আরও রয়েছেন মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামি। ‘গ্রেড বি’তে শ্রেয়স ছাড়াও আছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল। 
‘গ্রেড সি’তে রয়েছেন মোট ১৯জন ক্রিকেটার। ঈশান ছাড়া তাঁরা হলেন রিঙ্কু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। এরমধ্যে হর্ষিত, বরুণ, অভিষেক, নীতীশ ও আকাশ এই প্রথম বোর্ডের চুক্তিতে জায়গা পেলেন।
গত মরশুমে মোট ৩০জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি ছিল বোর্ডের। এবার সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৪। অবসর নেওয়ায় চুক্তিতে জায়গা পাননি রবিচন্দ্রন অশ্বিন। গতবার ‘গ্রেড সি’তে থাকা শার্দূল ঠাকুর, কেএস ভরত, আভেশ খান ও জিতেশ শর্মাও নেই এবারের চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ