Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

পাক বধ, এশিয়াডে চ্যাম্পিয়ন শ্রেয়সরা

হরমনপ্রীত কাউর ব্রিগেডের পর শ্রেয়স আয়ার বাহিনী। এশিয়ান গেমসের ক্রিকেটে মহিলাদের পর সোনা জয় ভারতের পুরুষ দলেরও।

পাক বধ, এশিয়াডে চ্যাম্পিয়ন শ্রেয়সরা
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: হরমনপ্রীত কাউর ব্রিগেডের পর শ্রেয়স আয়ার বাহিনী। এশিয়ান গেমসের ক্রিকেটে মহিলাদের পর সোনা জয় ভারতের পুরুষ দলেরও। শনিবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে খেতাব ধরে রাখল টিম ইন্ডিয়া। শ্রেয়সদের ৬ উইকেটে ২১১-র জবাবে পাকিস্তান আটকে যায় ১৯২ রানে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ থেকে ধরলে এই ফরম্যাটে টানা ছয় ম্যাচে প্রতিবেশী দেশকে হারাল ভারত। 

Advertisement

এদিনের জয়ের নায়ক অভিষেক শর্মা। বাঁ-হাতি ওপেনার ২৮ বলে করেন ৬১। তাঁর ইনিংসে ছিল সাতটি ছক্কা ও তিনটি চার। এই পিচে শুরুতে শট নেওয়া সহজ ছিল না। বৈভব সূর্যবংশী (১৫), সঞ্জু স্যামসন (২) দ্রুত ফিরলেও অভিষেকের দাপটে পাওয়ার প্লে’তে ওঠে ৮১। ক্যাপ্টেন শ্রেয়স (২১) এবং ঈশান কিষানও (২০) বেশিক্ষণ থাকেননি। তবে ইনিংসের শেষ পর্বে জ্বলে ওঠেন ভাইস ক্যাপ্টেন তিলক ভার্মা। ২২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন হায়দরাবাদি। ষষ্ঠ উইকেটে শিবম দুবের সঙ্গে তিলক যোগ করেন ৬২ রান। তিনি মারেন চারটি ছক্কা ও তিনটি চার। ১৫ বলে ২৭ করেন শিবম।
জবাবে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৩৯ রানের মধ্যে ফেরেন ক্যাপ্টেন শাহিবজাদা ফারহান, উসমান খান ও মাজ সাদাকাত। কিন্তু হাসান নওয়াজ লড়াই জারি রাখেন। যদিও ৪ রানে তাঁর ক্যাচ পড়ে বৈভবের হাত থেকে। ২৪ বছর বয়সির দাপটে একসময় কিছুটা চাপেও পড়ে যায় ভারত। শেষ পর্যন্ত হাসান ফেরেন শতরানের দোরগোড়া থেকে। তাঁর ৫১ বলে ৯৬ রানের ইনিংস রয়েছে সাতটি ছক্কা ও পাঁচটি চার। ওয়াশিংটন সুন্দর (২-২৯), অক্ষর প্যাটেল (২-২৯), শিবম (২- ৩৩) বল হাতে সফল। যশপ্রীত বুমরাহ চার ওভারে দেন ৩৩ রান। 
জয়ের পর ভারতের অধিনায়ক শ্রেয়স বলেন, ‘বৃষ্টির কারণে প্রায় এক সপ্তাহ প্র্যাক্টিসই করতে পারিনি। তারপরও ছেলেরা যেভাবে ছন্দে থেকেছে, সেরাটা উজাড় করে দিয়েছে, তাতে আমি মুগ্ধ। এটাই চ্যাম্পিয়ন দলের লক্ষণ। সোনা জয়ে সেটাই প্রতিফলিত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ