Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ফাইনালে শ্রেয়সরা

ভারতের ৭ উইকেটে ১৬৯ রানের জবাবে ৪৫ রানেই অল-আউট শ্রীলঙ্কা! দ্বীপরাষ্ট্রকে রীতিমতো উড়িয়ে দিয়ে এশিয়ান গেমসের ফাইনালে টিম ইন্ডিয়া।

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ফাইনালে শ্রেয়সরা
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: ভারতের ৭ উইকেটে ১৬৯ রানের জবাবে ৪৫ রানেই অল-আউট শ্রীলঙ্কা! দ্বীপরাষ্ট্রকে রীতিমতো উড়িয়ে দিয়ে এশিয়ান গেমসের ফাইনালে টিম ইন্ডিয়া। নিদেনপক্ষে রুপো নিশ্চিত। তবে শ্রেয়স আয়াররা সোনা ছাড়া অন্য কিছুই ভাবছেন না। সামনে এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আগামী শনিবারের ভারত-পাক মহারণ ঘিরে উন্মাদনা তুঙ্গে। সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ ফাইনাল এবং টি-২০ বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। দু’বারই বাজিমাত করে ‘মেন ইন ব্লু’। এবারও খাতায় কলমে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। ঈশান কিষানরা যে ছন্দে আছেন, তাতে স্বপ্ন দেখাই যায়।

Advertisement

এদিন শ্রীলঙ্কাকে নিয়ে তো রীতিমতো ছেলেখেলা করল শ্রেয়স-ব্রিগেড। জাপানের কারোগি স্পোর্টস পার্কের পিচে ফাটল ছিল। তাই তিন স্পিনার অক্ষর, ওয়াশিংটন ও রবি বিষ্ণোইকে রেখে প্রথম একাদশ সাজান কোচ ভিভিএস লক্ষ্মণ। একমাত্র পেসার যশপ্রীত বুমরাহ। বোলারদের জন্য স্বস্তিদায়ক পুঁজি গড়ে দিয়েছিলেন ব্যাটসম্যানরা। ভারতের ছুড়ে দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো খাবি খেল শ্রীলঙ্কা। দলের হয়ে নুওয়ানিন্দু ফার্নান্দোর সর্বাধিক ১৫ রানই প্রমাণ। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ভারতের হয়ে বুমরাহ, অক্ষর ও অভিষেক দু’টি করে উইকেট নিয়েছেন।
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের ইনিংসের শুরুটা দাপটে করেন বৈভব সূর্যবংশী। ৬টি চার ও ২টি ছক্কা সহ ২১ বলে ৩৮ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন বিস্ময় কিশোর। অপর ওপেনার অভিষেকের ব্যাট থেকে অবশ্য ৭ রানের বেশি আসেনি। বড় রান পাননি সঞ্জু স্যামসন (৭) ও অধিনায়ক শ্রেয়স আয়ারও (১৩)। তবে সেই চাপ কাটিয়ে দলকে দেড়শোর ওপারে নিয়ে যান দুরন্ত ফর্মে থাকা ঈশান কিষান। ৪টি চার ও ৫টি ছক্কা সহ ৪৬ বলে অপরাজিত ৮০ রানের অনবদ্য ইনিংস উপহার দেন তিনি। সেই সুবাদে ৭ উইকেটে ১৬৯ রান তোলে ভারত।

Advertisement
সম্পর্কিত সংবাদ