Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাওয়া বিশ্বভারতীর অধ্যাপকদের শো-কজ নোটিস

ভোটের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বিশ্বভারতীর  অধ্যাপকদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে

ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাওয়া বিশ্বভারতীর অধ্যাপকদের শো-কজ নোটিস
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর : ভোটের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বিশ্বভারতীর  অধ্যাপকদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অসুস্থ পরিবার-পরিজনের দেখভাল বা শিশুসন্তানের দায়িত্বের কথা জানিয়ে অনেকেই ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়েছিলেন। তাঁদের অভিযোগ, সেই আবেদন মঞ্জুর তো হয়ইনি, উলটে তাঁদের শো-কজ নোটিস ধরানো হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানের অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। তবে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, পুরো বিষয়টি নির্বাচন কমিশনের আওতাধীন। এনিয়ে আমাদের কোনো ভূমিকা বা মন্তব্য করার নেই। বিশ্বভারতীর অধ্যাপকদের অভিযোগ, অনেকে আগে থেকেই ‘মাইক্রো অবজারভার’-এর প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁদেরই প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা জানিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করা হলেও মঞ্জুর হয়নি। বরং নির্বাচন কমিশনের তরফে তাঁদের একটি অংশকে শো-কজ করা হয়েছে বলে দাবি। আগেও এই ইস্যুতে সরব হয়েছিলেন বিশ্বভারতীর অধ্যাপকদের একাংশ। প্রায় ৮৫ জন এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। ওই দিন মামলার শুনানিতে আদালত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করে এবং কী পরিস্থিতিতে তাঁদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা আদালতে জমা দিতে বলে। মঙ্গলবার ওই মামলা কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে ওঠে। এদিন আদালত এই মামলার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ