Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ফাঁকা নাকি...!’ পুজোয় দেড়-দু’হাজার টাকা খসালেই মিলবে ঠাকুর দেখার পার্টটাইম সঙ্গী

পুজোয় ঘোরার সঙ্গী চাই? কিছু টাকা খরচ করলেই মিলবে পার্টনার। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কিছু বিজ্ঞাপন অনেকের চোখে পড়ছে।

‘ফাঁকা নাকি...!’ পুজোয় দেড়-দু’হাজার টাকা খসালেই মিলবে ঠাকুর দেখার পার্টটাইম সঙ্গী
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুজোয় ঘোরার সঙ্গী চাই? কিছু টাকা খরচ করলেই মিলবে পার্টনার। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কিছু বিজ্ঞাপন অনেকের চোখে পড়ছে। তাতে রীতিমতো প্যাকেজ দিয়ে সঙ্গী পাওয়ার হিসেবপত্তর লেখা। এসব দেখে ‘একলা’রা বেশ উৎসাহী। আর কৌতূহলীরা একবার হলেও বিষয়টি একটু বুঝে দেখতে চান। প্যাকেজে বৃদ্ধ-বৃদ্ধাদের কথা আলাদা করে উল্লেখ নেই। তবে অনেক প্রবীণের জিজ্ঞাসা, আমাদেরও কি হাত ধরে ঠাকুর দেখাতে নিয়ে যাবেন কোনো সঙ্গী? এরই মধ্যে পুলিশ জানিয়েছে, ‘সাবধান লুকিয়ে থাকতে পারে প্রতারণার ফাঁদ।’ সঙ্গীবিহীন জীবনে পালিশ আনার যে যজ্ঞ চলছে সোশ্যাল মিডিয়ায়, দেখেশুনে, বুঝে তাতে পা ফেলতে উপদেশ দিচ্ছে প্রশাসন।

Advertisement

পুজোর সময় পার্টনার পাওয়ার অফারে আছে প্যান্ডেল হপিং থেকে গল্পসল্প করা, সেলফি বা ভিডিয়ো তোলা, খাওয়াদাওয়া, ইত্যাদি। প্যাকেজ আছে বিভিন্ন রকমের। যেমন দু’ঘণ্টার সঙ্গীর জন্য ৭৯৯ টাকা, চারঘণ্টার জন্য ১ হাজার ৩৯৯ টাকা, আটঘণ্টার প্যাকেজ পেতে খসাতে হবে ২ হাজার ২৯৯ টাকা। দু’ঘণ্টার প্যাকেজে থাকছে প্যান্ডেলে ঘোরা, আড্ডা, সেলফি ও ভিডিয়ো তোলা। চারঘণ্টার প্যাকেজে যোগ হচ্ছে একসঙ্গে বসে খাওয়াদাওয়া। আর আটঘণ্টার প্যাকেজে প্রতিমা দর্শন, খাওয়াদাওয়া, ছবি তোলা ইত্যাদি। এরকম প্যাকেজের কথা আগে খুব একটা শোনা যায়নি। ফলে বিষয়টি অচিরেই চলে এসেছে চর্চায়। ‘যাঁর কেউ নেই তাঁর প্যাকেজ আছে’ বলে লাফালাফি শুরু করেছেন কিছু কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বৃদ্ধ-বৃদ্ধা।
এরই মধ্যে উৎসাহী হয়ে ‘পার্টটাইম প্রেমিকা’ হওয়ার প্রস্তাব নিয়েও সমাজমাধ্যমে হাজির অনেকে। তাঁরাও ঘণ্টা প্রতি সময় কাটানোর দাম নির্দিষ্ট করেছেন। প্রেমের দাম খুব বেশি রাখেননি তাঁরা। এরকম একটি পোস্টে লেখা, ‘পুজোয় ঘোরার মতো পার্টনার বুক করুন। ঘুরব, খাব, পুজো দেখব, মজা করব একসঙ্গে।’ এগুলির ক্ষেত্রে খরচ, দু’ঘণ্টার জন্য ৭৯৯ টাকা। প্যাকেজে থাকবে সেলফি ও ভিডিয়ো তোলার সুযোগ। খাবার সামান্য-কফি বা নরম পানীয় হলেই চলবে। চারঘণ্টা ঘুরতে চাইলে খরচ ১ হাজার ৩৯৯ টাকা। মিলবে একসঙ্গে রিল বানানোর সুযোগ। সঙ্গে একবেলা পেটপুরে খাওয়া। তবে শর্ত, জমা দিতে হবে অগ্রিম টাকা। আর এক তরুণীর পোস্টে দেখা গিয়েছে, ‘পার্টটাইম প্রেমিকা’ থেকে ‘পার্মানেন্ট প্রেমিকা’ হওয়ার প্রস্তাব। তিনি লিখেছেন, ‘পুজোর প্রেমের বুকিং চলছে। প্যান্ডেল হপিংয়ের জন্য চাই পুরুষ পার্টনার। ‘প্রবেশন পিরিয়ড’ ভাল লাগলে পরে স্থায়ী প্রেমের কথা ভাবা হবে।’ 
প্রেমের বাজারে এমন ‘প্রবেশন’ শুনে নেটপাড়া কৌতূহলে ফেটে পড়েছে। বহু লোকের বক্তব্য, বাঙালির প্রেমের ইতিহাসে যোগ হল নয়া অধ্যায়।
সাইবার প্রতারণার বাড়বাড়ন্তের মধ্যে সঙ্গী খোঁজার অফার উদ্বেগও বাড়িয়েছে। পুলিশের বক্তব্য, এই পোস্টের পিছনে সাইবার জালিয়াতির ফন্দি থাকতে পারে। অপরিচিত মহিলার সঙ্গে যোগাযোগের পর অন্তরঙ্গ মুহূর্ত তৈরি করিয়ে ছবি তোলা হতে পারে। তা দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায় হতে পারে। সমাজমাধ্যমে বন্ধুত্ব পাতানো সবসময় নিরাপদ নয়। এ ধরনের প্যাকেজের নেপথ্যে থাকতে পারে সেক্সটরশন। ফলে প্রলোভন থেকে সতর্ক থাকতে হবে। অপরিচিত কারও প্রস্তাবে সাড়া দিলে বিপদ বাড়তে পারে। এইসব প্রোফাইল সঠিক কি না, তা যাচাই করে পদক্ষেপ নিতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ