নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অক্টোবর উৎসবের মাস। ছুটি থাকার জন্য এমাসে মোট ১২ দিন রেশন দোকান থেকে গ্রাহকরা পরিষেবা পাবেন না। অনলাইনে রেশন পরিচালন ব্যবস্থা ঠিকমতো চালানোর জন্য প্রতিমাসের প্রথম ও শেষদিন গ্রাহকদের খাদ্য দেওয়ার কাজ বন্ধ রাখা হয়। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর ছুটির জন্য এমাসে ৩ অক্টোবর থেকে রেশন তোলা যাবে। তারপর মহালয়া, পুজোর সপ্তমী থেকে দশমী, লক্ষ্মীপুজো, ও সোমবারের সাপ্তাহিক বন্ধ ধরে মোট ১২ দিন রেশন পরিষেবা বন্ধ থাকবে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, ১৮ অক্টোবর মহাসপ্তমীর আগে গ্রাহকরা মাসিক বরাদ্দের খাদ্য সংগ্রহ করে নিলে সবথেকে ভালো করবেন। প্রযুক্তিগত সমস্যার জন্য প্রতিমাসেই রেশন দিতে সমস্যা হচ্ছে। এমাসে অনেকগুলি ছুটি আছে। তাই দেরি না করে রেশন তুলে নিলে ভালো হবে। প্রসঙ্গত, রাজ্য সরকারের অফিসে পুজোর ছুটি ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে। এর মধ্যে যে ছুটি এনআই অ্যাক্টে দেওয়া হয়েছে সেগুলিতে রেশন দোকান বন্ধ থাকবে।



