অমৃতসর, ৯ ফেব্রুয়ারি: পাঞ্জাবের তরন তারনে এক আইন কলেজে হাড় হিম করা ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। ক্লাসের মধ্যে প্রকাশ্যে সহপাঠী বান্ধবীকে গুলি করে হত্যা করে এক ছাত্র। এরপরে নিজেই আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত প্রিন্স রাজ। গুলিবিদ্ধ অবস্থায় মৃত পড়ুয়া ও প্রিন্স, দু’জনেই উসমা কলেজের আইন বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের তরন তারন জেলায়। আক্রান্ত ছাত্রী সন্দীপ কাউরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুলিবিদ্ধ ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্লাসের সিসিটিভি ক্যামেরায়। দেখা যায় সন্দীপ কাউর এক বান্ধবীর সঙ্গে ক্লাসে শেষ বেঞ্চে বসেছিলেন। সামনের বেঞ্চে ছিল প্রিন্স। হাঠাৎই উঠে এসে পিস্তল বের করে সন্দীপের উপর গুলি চালায় অভিযুক্ত ছাত্র। সন্দীপ মেঝেতে লুটিয়ে পড়তেই, সে নিজের মাথা লক্ষ্য করে গুলি চালায়। গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা কলেজ ক্যাম্পাসে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় প্রিন্সকে পাঠানো হয় হাসপাতালে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রত্যক্ষদর্শী এবং সহপাঠীদের। অভিযুক্ত প্রিন্স রাজের কাছে পিস্তল এল কোথা থেকে? খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, ব্যক্তিগত আক্রোশ থেকেই সন্দীপকে খুন করেছে প্রিন্স।