গোসাবা : দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ওই দিনই নির্বাচন। তার আগে শুটআউটের ঘটনা আতঙ্কের পরিবেশ তৈরি করল এই অঞ্চলে। রবিবার মধ্যরাতে দলীয় কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী দিব্যেন্দু গায়েন। ফেরার পথে গুলিবিদ্ধ হলেন ওই তৃণমূল কর্মী। বাইকে বাড়ি ফেরার পথে আচমকাই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



