দর্শককে চমক দিতে ভালোবাসেন হৃতিক রোশন। পর্দায় ফের তাঁর চমক দেখার জন্য প্রস্তুতি শুরু করেছেন দর্শক। সৌজন্যে আসন্ন ছবি ‘ওয়ার ২’। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে চমকের যে অভাব থাকবে না, তার আভাস মিলল। হৃতিকের সহ অভিনেতা জুনিয়র এনটিআর নিজেই জানিয়েছেন, সারপ্রাইজ অপেক্ষা করছে দর্শকের জন্য। সম্প্রতি ছবির শ্যুটিং শেষ করলেন নির্মাতারা। তারপরই সোশ্যাল মিডিয়ায় জুনিয়র এনটিআর লিখেছেন, ‘শ্যুটিং শেষ হল। হৃতিকের সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। সেটে তাঁর এনার্জি কুর্নিশযোগ্য। আমি সবসময়ই ওঁর এনার্জির ভক্ত। অনেক কিছু শিখলাম ওঁর থেকে। অয়নও অসাধারণ। অনুরাগীদের জন্য চমকের কোনও অভার রাখেনি।’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আপাতত জুনিয়র এনটিআর ও হৃতিকের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।



