নয়াদিল্লি: রাম মন্দিরে প্রণামি চুরি নিয়ে অভিনব প্রতিবাদের জেরে ইতিমধ্যেই শিরোনামে নির্দল সাংসদ পাপ্পু যাদব। তাঁর ও রাহুল গান্ধীর বিরুদ্ধে বারাণসীতে দায়ের হয়েছে এফআইআর। এরইমধ্যে দিল্লিতে হামলার মুখে পড়লেন কংগ্রেস ঘনিষ্ঠ পূর্ণিয়ার সাংসদ। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়েছে। আততায়ীর কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে বলে অভিযোগ। পাপ্পু ও তাঁর সমর্থকদের দাবি, হামলাকারীর আসল উদ্দেশ্য ছিল খুন করা। ঘটনার পরই তাঁর বাড়িতে পৌঁছায় দিল্লি পুলিশের দল। অভিযুক্ত যুবকেরর সঙ্গে পাপ্পুর সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। তাকে আটক করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। ধৃতের নাম সুমিত। উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। পুলিশের প্রাথমিক জেরায় সুমিত জানিয়েছে, সাধুদের অপমানের প্রতিবাদ জানাতেইে সে এই কাজ করেছে। তবে পাপ্পুর সমর্থকরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার সময় একটি ছুরি জমা দেন। সেটি অভিযুক্তের কাছ থেকেই উদ্ধার হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাপ্পুর অভিযোগ, অভিযুক্ত তাঁকে খুন করতেই এসেছিল। তাঁর দাবি, ইতিমধ্যেই তাঁকে হত্যার হুমকির মুখে পড়তে হয়েছে। পাপ্পু যাদবের এক সমর্থকের দাবি, জুতো ছোড়ার পর অভিযুক্ত ছুরি বের করলে তাঁরা দ্রুত তাকে ধরে ফেলেন। আর এক সহযোগীর অভিযোগ, আগাম নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ জানানো হলেও দিল্লি পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় কংগ্রেস নেতা পবন খেরাও দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তবে পুলিশ জানিয়েছে, ছুরি ব্যবহারের অভিযোগ-সহ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।



