নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস মাঠ কালো কাপড়ে ঢাকা। ফেন্সিংয়ের বাইরে সমর্থকরা উঁকিঝুঁকি মারতেই চোখ রাঙিয়ে তেড়ে এলেন বাউন্সার। লোহার ব্যারিকেড টপকে মাছি গলার জো নেই। অস্কার ব্রুজোঁর ক্লোজড ডোর অনুশীলন উস্কে দিল আন্তোনিও লোপেজ হাবাসের স্মৃতি। যুদ্ধ যুদ্ধ আবহেই জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু ইস্ট বেঙ্গলে। আসলে পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন দলকে চাগিয়ে দিয়েছে। শনিবার সন্ধ্যায় খালিদ ব্রিগেডকে হারাতে মরিয়া ক্লেটনরা। অ্যাওয়ে ম্যাচে একগাদা গোল নষ্টের খেসারত দিতে হয় ক্রেসপোদের। সেই হারের বদলা নিতে মুখিয়ে মশালবাহিনী।
Advertisement
চেন্নাইয়ানের বিরুদ্ধে পায়ের পেশিতে চোট পান দিয়ামানতাকোস। পরের দু’টি ম্যাচে তাঁর সার্ভিস পায়নি ইস্ট বেঙ্গল। তবে এখন অনেকটাই ফিট তিনি। বৃহস্পতিবার সকালে গ্রিসের স্ট্রাইকারকে আরও একদফা দেখবেন ব্রুজোঁ। ছোট স্প্রিন্ট টানতে অসুবিধা না হলে জামশেদপুরের বিরুদ্ধে দিমি খেলবেন। সেক্ষেত্রে ঘরের মাঠে ডাবল স্ট্রাইকারের ফর্মুলায় হাঁটতে পারেন ব্রুজোঁ। প্ল্যান বি হিসেবে আগে ডেভিডকে খেলিয়ে পরিস্থিতি অনুযায়ী দিয়ামানতাকোসকে ব্যবহারের ভাবনায় অস্কার। বিশেষজ্ঞদের মত, ডেভিডকে আরও ম্যাচ টাইম দেওয়া দরকার। অন্যদিকে, কার্ড সমস্যা মিটিয়ে স্কোয়াডে ফিরবেন জিকসন সিং। পাঞ্জাবের বিরুদ্ধে মাথায় চোট পান নাওরেম মহেশ সিং। মেডিক্যাল টেস্টের পর তাঁকে ছুটিতে পাঠানো হয়। শুক্রবার অনুশীলনে নামবেন মহেশ। আসলে মাধি তালাল আর সাউল ক্রেসপো চোট পাওয়ার পর লাল-হলুদের মাঝপাঠে পাসারের অভাব স্পষ্ট। মহেশ খেললে সেই ঘাটতি কিছুটা হলেও মিটবে। চলতি আইএসএলে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল। অন্যদিকে, ১০ ম্যাচে খালিদ ব্রিগেডের সংগ্রহ ১৮ পয়েন্ট। সিভেরিও তোরো, জাভি, মহম্মদ সানানরা আগের ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে বেশ চনমনে। তবে দলের রক্ষণ পোক্ত নয়। দুর্বল জায়গায় ঘা দিতে তৈরি অস্কারের ইস্ট বেঙ্গল।
এদিকে, বৃহস্পতিবার দলের অনুশীলনে হাজির ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার ও লগ্নিকারী সংস্থার প্রতিনিধি বিভাস আগরওয়াল। প্র্যাকটিসের পর কোচের সঙ্গে দীর্ঘ বৈঠক সারেন তাঁরা। ফুটবলার পরিবর্তন কি অবশ্যম্ভাবী? দেবব্রত সরকার মন্তব্যে নারাজ।
এদিকে, বৃহস্পতিবার দলের অনুশীলনে হাজির ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার ও লগ্নিকারী সংস্থার প্রতিনিধি বিভাস আগরওয়াল। প্র্যাকটিসের পর কোচের সঙ্গে দীর্ঘ বৈঠক সারেন তাঁরা। ফুটবলার পরিবর্তন কি অবশ্যম্ভাবী? দেবব্রত সরকার মন্তব্যে নারাজ।



