মুম্বই, ৩০ সেপ্টম্বর: দলীয় কার্যালয়ের ভিতরেই গুলি করে শিবসেনার এক নেতাকে খুন করল একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর দল। মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের থানের কাপুরবাওড়ি থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে সূত্রের খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত তখন আনুমানিক ৯টা। হঠাৎ অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী শিবসেনার (ইউবিটি) স্থানীয় নেতা প্রদীপ পূর্ণেকরকে লক্ষ্য করে দু’টি গুলি চালানোর পাশাপাশি তাঁকে বেধরক মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর তাঁকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
দলীয় সূত্রে জানা যায়, প্রদীপ পূর্ণেকর শিবসেনার (ইউবিটি) থানে বিভাগের প্রধান পদে ছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। হামলার নেপথ্যে কারা রয়েছে, তা খুঁজে বের করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীরা কোন পথে পালিয়েছে, তা জানতে থানের গুরুত্বপূর্ণ রাস্তা ও বেরোনোর পথগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত হামলার সঠিক কারণ স্পষ্ট নয়। রাজনৈতিক বিরোধ থেকে ব্যক্তিগত শত্রুতা সম্ভাব্য বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। শিবসেনার নেতারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।