নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: প্রবাদপ্রতিম ফুটবলার লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। একথা শুনেই মন খারাপ ইছাপুরের নবাবগঞ্জের ‘আর্জেন্টিনা বাড়ির’ সদস্যদের। প্রতি বছর এই বাড়ির সদস্যরা আড়ম্বরের সঙ্গে মেসির জন্মদিন পালন করেন। কেক কাটা হয়, এলাকাবাসীদের নানা খাবারও খাওয়ান হয়। মেসির জন্য নানা ধরনের খাবার রান্না করেন তাঁরা। সবাইকে তা খাওয়ান। কিন্তু আর তেমন ধুমধাম করে মেসির জন্মদিনে পালন করবেন না বলে জানালেন তাঁরা।
ওই ‘আর্জেন্টিনা বাড়ির’ শিবা পাত্র মেসি এবং আর্জেন্টিনাকে এতই ভালোবাসেন যে, বাড়ির রং করেছেন নীল-সাদা। শিবা একটি চায়ের দোকান চালান। দোকান সহ গোটা এলাকা তিনি মেসি এবং আর্জেন্টিনার পতাকা ও ছবিতে ভরিয়ে রেখেছেন। মেসি অবসর নিচ্ছেন শুনে খুবই মন খারাপ তাঁর। শিবা পাত্র বললেন, কলকাতায় তিনি যখন এসেছিলেন, তখন তাঁর সঙ্গে দেখাও করেছিলাম। আন্তর্জাতিক ফুটবলে আর তিনি খেলবেন না শুনে মনটা খারাপ হয়ে গেল। প্রতিবছর মেসির জন্মদিন ধুমধাম করে পালন করি। আর সেভাবে করব না। তাঁর স্ত্রী স্বপ্না পাত্র বলেন, মেসি ওঁর কাছে প্রাণ। সব সময়ে মেসির জার্সি পরে থাকেন। মেসির ছবিতে ছেয়ে আছে গোটা বাড়ি। মেসির খেলা হলে টিভির সামনে বসে থাকেন সব কাজ ছেড়ে। মেসি খেলা ছেড়ে দিয়েছেন শুনে প্রচণ্ড মন খারাপ। কোনোরকমে দোকান চালাচ্ছেন। তবে শুধু ওঁর না, এক হিসাবে মন খারাপ গোটা পরিবারেরই। দোকানে ব্যস্ত শিবা।-নিজস্ব চিত্র