Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শীঘ্রই রানে ফিরবেন বিরাট ও রোহিত, আশাবাদী সৌরভ

শীঘ্রই রানে ফিরবেন বিরাট ও রোহিত, আশাবাদী সৌরভ
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তর্জাতিক হোক কিংবা ঘরোয়া ক্রিকেট, বেশ কিছুদিন ধরেই ব্যাটে বড় রান নেই রোহিত শর্মা ও বিরাট কোহলির। প্রবল চাপে দুই মহাতারকা। চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁদের কেরিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যর্থ হলে তীব্র হবে সমালোচনা। অবসর নেওয়ার চাপ বাড়বে। তবে কোহলি, রোহিতকে নিয়ে আশাবাদী সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, ‘লাল বলের ক্রিকেটে ওরা প্রত্যাশা পূরণে ব্যর্থ। তবে সাদা বলে ওরা দুর্দান্ত পারফর্মার। সেটা আমরা গত টি-২০ বিশ্বকাপেও দেখেছি। আমার বিশ্বাস, দু’জনেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলবে।’ সৌরভ অবশ্য গম্ভীরকে সতর্ক করে বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট খুবই কঠিন। বিশ্বকাপের মতো নয়। একটা ম্যাচ হারলে পরের রাউন্ডে ওঠার অঙ্ক জটিল হয়ে পড়বে। সেকথা মাথায় রাখতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।’
Advertisement
পিঠের ব্যথায় কাবু যশপ্রীত বুমরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁর সুস্থ হয়ে ওঠা নিয়ে সংশয় রয়েছে। তিনি না খেললে তা ভারতীয় দলের কাছে হবে বড় ধাক্কা। কারণ, এই মুহূর্তে বুমরাহর বিকল্প নেই ভারতীয় দলে। সামিকে যতই ব্যাক-আপ হিসেবে ভাবা হোক, তিনি পুরো ফিট নন। শরীরে মেদ বেড়েছে। ১০ ওভার বল করার ধকল নিতে পারবেন কিনা বলা কঠিন। তাই সৌরভ বলছেন, ‘বুমরাহর ফিট হয়ে ওঠা জরুরি। আমি আশাবাদী, ও সুস্থ হয়ে উঠবে। বুমরাহর মতো পেসারকে না পেলে ভারতীয় দলের কাজটা কঠিন হয়ে উঠবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারত অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। আটটি সেরা দলের লড়াই ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। সৌরভ অবশ্য নির্দিষ্টভাবে কোনও দলকে ফেভারিট বলতে নারাজ। তাঁর যুক্তি, ‘আটটা দলই ভালো। ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলি ভালো খেলবে বলে আশা করছি।’
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং অবশ্য ভারত ও অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন। তিনি জানিয়েছেন, ‘ভারত ও অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল। অন্যদের পক্ষে ওদের হারানো সহজ হবে না।’ উল্লেখ্য, এই দুই দলই দু’বার করে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ