


সংবাদদাতা, লালবাগ : ঘড়িতে তখন দুপুর আড়াইটে। আকাশ থেকে যেন আগুন ঝরছে। ঠিক দুপুর তিনটে থেকে তৃণমূল প্রার্থী রোশনবাগ ছাউনি মোড় থেকে শেষ দিনের প্রচারে রোড-শো শুরু করবেন। কাজেই নির্দিষ্ট সময়ের ঘণ্টাখানেক আগে থেকেই স্থানীয় নেতা, কর্মীরা জমায়েত হতে শুরু করেন। ভ্যাপসা, জ্বালাধরা গরমকে উপেক্ষা করেই প্রার্থীর আসার অপেক্ষায় বার বার ঘড়িতে চোখ বোলাচ্ছিলেন কেউ কেউ। ঠিক তিনটেয় এসে পৌঁছান মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাওনি সিংহ রায়। প্রার্থী এসে পৌঁছাতেই তাঁকে ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানান অন্য নেতা থেকে শুরু করে দলীয় কর্মীরা। ঘড়ির কাঁটায় তিনটে বেজে দশ মিনিটে হুডখোলা গাড়িতে চেপে রোশনবাগ ছাউনি মোড় থেকে শুরু হয় রোড-শো। প্রার্থীর গাড়ির সামনে ও পিছনে কয়েকশো বাইকে দলীয় কর্মীরাও ছিলেন।
তৃণমূল প্রার্থী শাওনি সিংহরায় শেষ দিনের প্রচারে এসেছেন শুনেই স্থানীয় মহিলারা আগে থেকেই বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন। কারও হাতে থালায় ছিল ফুলের মালা, আবার ছিল জল, মিষ্টি। প্রার্থী এসে পৌঁছাতেই ওই মহিলারা তাঁকে মালা পরিয়ে দেন। মহিলাদের আবদার রাখতে শাওনি থালা থেকে একটি মিষ্টি তুলে নেন।
এদিনের রোড-শো রোশনবাগ ছাউনির মোড় থেকে শুরু হয়ে এলাহিগঞ্জ, শকুন্ততলা মোড়, পিরতলা, সাতলক্ষ্মী এবং মুকুন্দবাগ হয়ে ছাউনি মোড়ে শেষ হয়। শাওনি বলেন, প্রতিদিন প্রচারে বেরিয়ে মানুষের থেকে ব্যাপক সাড়া পেয়েছিলাম। তবে শেষ দিনের প্রচারে অভূতপূর্ব সাড়া মিলেছে। প্রচণ্ড রোদ উপেক্ষা করেও মানুষ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। আমি একশো শতাংশ নিশ্চিত মানুষের এই ভালোবাসা ভোটবাক্সে প্রতিফলিত হবে। এদিন ভগবানগোলার তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার রানিতলা স্কুল থেকে কেসিকে হাইমাদ্রাসা পর্যন্ত পাঁচ কিলোমিটার হেঁটেই প্রচার করেন। নবগ্রামের তৃণমূল প্রার্থী প্রণব চন্দ্র দাস এদিন শেষ দিনের প্রচারে ঝড় তোলেন। এদিন সকাল থেকে দুপুর নিয়াল্লিশপাড়া, গোয়ালজান, রাধারঘাট ও শাহাজাদপুরে বাইক র্যালি করেন। সাড়ে ছ’শো বাইক র্যালিতে অংশ নেয়। বিকেলে প্রার্থী রসুলপুর অঞ্চলে প্রচার সারেন।
লালগোলার তৃণমূল প্রার্থী ডাঃ আব্দুল আজিজ এদিন সকালে নশিপুরে হেঁটে প্রচারের পাশাপাশি পথসভা করেন। সভা শেষ করে চেন্নাইয়ে মৃত পরিযায়ী শ্রমিক সরিয়ত শেখের পরিবারের সঙ্গে দেখা করতে পাইকপাড়া পঞ্চায়েতের মুলিডাঙা যান। এদিন বিকেলে লালগোলা চামাপাড়ায় পথসভা করেন। শাসক দলের পাশাপাশি বিরোধী দলের প্রার্থীরাও এদিন জনসংযোগ, র্যালি এবং পথসভার মধ্য দিয়ে শেষ দিনের প্রচার সারেন। মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন। লালগোলার সিপিএম প্রার্থী বাবলু জামান বাড়ি, বাড়ি প্রচার করেন। মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী শাওনি সিংহরায়ের প্রচার। -নিজস্ব চিত্র