• বড়োপর্দায় জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান ও শর্বরী ওয়াঘ। লভ রঞ্জনের পরিচালনায় একটি ছবিতে অভিনয় করার কথা কার্তিকের। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে কথা চলছে। সূত্রের খবর, কার্তিকের বিপরীতে শর্বরীকে কাস্ট করতে চাইছেন পরিচালক। ইতিমধ্যে প্রস্তাব গিয়েছে শর্বরীর কাছে। গল্প পছন্দও করেছেন নায়িকা। যদিও তিনি চুক্তিবদ্ধ হন কি না, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা। সম্প্রতি একের পর এক ছবিতে নজর কাড়ছেন নায়িকা। মুক্তি পেয়েছে শর্বরী অভিনীত ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’। পাশাপাশি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা কেন্দ্রিক ছবি ‘আলফা’তে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে কাজ করেছেন শর্বরী। এছাড়াও সুরজ বারজাতিয়ার ‘ইয়ে প্রেম মোল লিয়া’তেও অভিনয় করছেন অভিনেত্রী। এর মাঝে লাভ রঞ্জনের ছবিতে কাজের প্রস্তাব পেয়ে আপ্লুত নায়িকা। এই মুহূর্তে চিত্রনাট্যের কাজে ব্যস্ত পরিচালক। সবকিছু ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরে শ্যুটিং শুরু হবে।



