Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদ জিততে দুই পুর এলাকায় নজর শাওনির

মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, এই দুই পুরসভায় ভরাডুবির কারণে আগের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে হেরেছিলেন তৃণমূল প্রার্থী শাওনি সিংহরায়।

মুর্শিদাবাদ জিততে দুই পুর এলাকায় নজর শাওনির
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, এই দুই পুরসভায় ভরাডুবির কারণে আগের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে হেরেছিলেন তৃণমূল প্রার্থী শাওনি সিংহরায়। তা সত্ত্বেও শাওনির উপরই ভরসা রেখেছে দল। মুর্শিদাবাদ কেন্দ্রে আবার তাকে প্রার্থী করা হয়েছে। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরেই দুই পুর এলাকায় ভোট ব্যাঙ্ক মজবুত করতে ঝাঁপিয়েছেন তিনি। বুধবার লালবাগ দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। দলীয় নেতৃত্ব ও কর্মীদের ইদ মিটতেই লড়াইয়ের ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করেন। বুধবারের পর বৃহস্পতিবার জিয়াগঞ্জ শহরে যুব তৃণমূল অফিসে সাংগঠনিক বৈঠক সারেন। ওই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক সভাপতি মহম্মদ গোলাম আকবরি, বরিষ্ঠ তৃণমূল নেতা অরুণ সাহা এবং অন্যান্য নেতৃত্ব। বৈঠকে বুথভিত্তিক সংগঠন, জনমুখী বিভিন্ন প্রকল্প এবং পুর শহরের সার্বিক উন্নয়ন তুলে ধরে বাড়ি বাড়ি প্রচার এবং জনসংযোগের উপর জোর দেওয়া হয়। শাওনি বলেন, গত নির্বাচনে অপ্রত্যাশিতভাবে আড়াই হাজারেরও কম ভোটে হেরেছিলাম। পরাজয়ের পিছনে দুই পুরসভায় খারাপ ফল অন্যতম কারণ। পরাজয় সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সুযোগ দিয়েছেন। দুই পুরসভার মানুষ কেন আমাদের প্রত্যাখ্যান করেছিলেন সেই কারণগুলি খুঁজে বের করে তাঁদের ফিরিয়ে আনতে হবে। বিজেপির বিধায়ককে গত পাঁচ বছরে মানুষের পাশে দেখা যায়নি। তবে সংবাদ মাধ্যমে মুখ দেখিয়েছেন। আমি আশাবাদী, মুর্শিদাবাদ  বিধানসভার মানুষ এবার আমাকে রেকর্ড ভোটে জিতিয়ে তাঁদের ভুল শুধরে নেবেন। সেই সঙ্গে মুর্শিদাবাদ আসনটি মুখ্যমন্ত্রীকে তুলে দিতে পারব।

Advertisement
সম্পর্কিত সংবাদ