নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: নয়াগ্ৰাম ব্লকের গভর্ণমেন্ট মডেল স্কুলের তিনি ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র ২০২৬ সালে জাতীয় শিক্ষকের সম্মানে ভূষিত হয়েছেন। পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেন। বাঙালি ধুতি পাঞ্জাবি পোষাক পড়েছিলেন। পুরস্কার তালিকার প্রথমেই তিনি ছিলেন।
কেন্দ্রের রিপোর্টে নয়াগ্ৰাম শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া এলাকা হিসেবে চিহ্নিত। শিক্ষার বিস্তারের লক্ষ্যে ২০১৪ সালে গভর্মেন্ট মডেল স্কুল স্থাপন করা হয়। শান্তনুবাবু ও স্কুলের একঝাঁক তরুণ শিক্ষকদের হাত ধরে স্কুলের শিক্ষা পরিকাঠামোয় আমূল বদল আসে। প্রাকৃতিক শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় আদিবাসী সংস্কৃতিকে পঠনপাঠনের অঙ্গ করা হয়। শিক্ষকদের অনুপ্রেরণায় আদিবাসী ও জনজাতি পড়ুয়ারা বাহা গান , পট চিত্রের মাধ্যমে বনভূমি, বন্যপ্রাণী সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বার্তা দিচ্ছে। পড়ুয়ারা ঝাড়খণ্ড, আসাম গুজরাট ও জাপানের টোকিও ,সাইতামার মতো স্কুল পড়ুয়াদের সঙ্গে শিক্ষামূলক আদান প্রদান করছে। বিদ্যালয়ের শিক্ষা পরিকাঠামোর বদলে শান্তনু বাবু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শান্তনু বাবু বলেন, দেশের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে সম্মানিত বোধ করছি। শিক্ষক হিসেবে আরও দায়িত্ব অনুভব করছি। সামনের দিন শিক্ষকের দায়িত্ব পালন করাই প্রধান লক্ষ হবে।