নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হচ্ছেন পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। ইতিমধ্যে এ বিষয়ে তিনি উচ্চ শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বলে দাবি করেছেন। দিল্লিতে আছেন উচ্চ শিক্ষামন্ত্রী। শুক্রবারই তাঁর ফেরার কথা। আজ, শনিবার এ বিষয়ে তিনি উচ্চ শিক্ষামন্ত্রীকে ফের জানাবেন বলে দাবি করেছেন।
উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে উপাচার্য ছাড়াই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিয়ে কাজ চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। একের পর এক বছর কেটে গেলেও বিগত সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সংঘাতের জেরে উপাচার্য নিয়োগ হয়নি। রাজ্যে পালাবদলের পর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকল স্তরের শিক্ষানুরাগী ভেবেছিলেন যে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এক অধ্যাপকের নাম সোশ্যাল মিডিয়া সহ বিশ্ববিদ্যালয়ের অন্দরে ছড়িয়ে পড়েছিল। সকলেই আশা করেছিলেন, দ্রুত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হবে। তবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি। রাজ্যে মন্ত্রিসভা গঠন হয়ে যাওয়ার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
অন্যদিকে, গত ২৫ জুন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ভাস্কর বিশ্বাসের কার্যকালের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। ফলে বর্তমানে অভিভাবকহীন এই বিশ্ববিদ্যালয়। আগস্ট মাস থেকে শুরু হতে চলা ভরতি প্রক্রিয়া সংকটের মুখে পড়বে বলেই আশঙ্কা করছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকরা। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় নিয়ে উচ্চ শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হতে যাচ্ছেন মন্ত্রী শংকর ঘোষ। শুক্রবার উত্তরকন্যায় পর্যটনমন্ত্রী বলেন, আমি ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে উচ্চ শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। অত্যন্ত গুরুত্বের সঙ্গে এটি দেখার জন্য তাঁর সঙ্গে আলোচনাও করেছি। ফের উচ্চ শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব।
এ বিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সম্পাদক অর্ধেন্দু মণ্ডল বলেন, আমরা চাই দ্রুত এ বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়া হোক। না হলে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ সংকটের মুখে এসে দাঁড়াবে।