


সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (এইমস) অত্যাধুনিক লেজার ইউনিটের উদ্বোধনে এসে রাজ্যে দ্বিতীয় এইমস তৈরির জল্পনা উস্কে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্যে দ্বিতীয় এইমস হাসপাতাল তৈরি নিয়ে ফের আশা দেখা শুরু করেছেন উত্তরবঙ্গবাসী।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর প্রথমবারের উত্তরবঙ্গ সফরে এদিনই উত্তরবঙ্গে এইমস তৈরির অঙ্গীকার করেছেন শুভেন্দু অধিকারী। বুধবার কল্যাণী এইমসে নতুন লেজার ইউনিটের উদ্বোধন করেন শমীকবাবু। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ২০২১ সালে কল্যাণীতে এইমস তৈরি হয়েছে। এরপরেও পশ্চিমবঙ্গে আরও একটি এইমস তৈরি হবে। উত্তরবঙ্গে দ্বিতীয় এইমস হবে। কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গের সার্বিকভাবে আর্থিক উন্নয়ন চায়। যদিও সম্ভাব্য স্থান বা প্রকল্পের সময়সীমা নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে চাননি। শমীক ভট্টাচার্যের এই মন্তব্যের পর থেকেই উত্তরবঙ্গে দ্বিতীয় এইমস তৈরির সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করতে কেন্দ্র বড়সড় পদক্ষেপের ইঙ্গিত দিতেই এই মন্তব্য করেছেন তিনি। এরই সঙ্গে উত্তরবঙ্গে এইমস তৈরি সংক্রান্ত ঘোষণা বিষয়টিকে আরও বিশ্বাসযোগ্য করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, এর আগেও উত্তরবঙ্গে এইমস হাসপাতাল গড়ার দাবি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন দেখা গিয়েছিল। গত ২০১১ সালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমস তৈরির প্রস্তাবকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে। তৎকালীন কংগ্রেসের সাংসদ দীপা দাশমুন্সি রায়গঞ্জে এইমস গড়ার দাবিতে সরব হয়েছিলন। যদিও শেষ পর্যন্ত সেখানে না হয়ে কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনে কল্যাণীতে এইমস তৈরির ছাড়পত্র দেয়।
এদিন কেন্দ্রীয় এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে উদ্বোধন হওয়া অত্যাধুনিক লেজার ইউনিট নিয়ে শমীকবাবু বলেন, শরীরের বিভিন্ন ধরনের ক্ষত নিরাময়ে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর। আধুনিক লেজার প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে। তাঁর দাবি, এই পরিষেবা চালু হওয়ায় রোগীরা আরও উন্নত চিকিৎসার সুবিধা পাবেন। কল্যাণী এইমস সূত্রে জানা গিয়েছে, নতুন এই লেজার ইউনিটের মাধ্যমে বিভিন্ন জটিল ক্ষত ও ত্বকের সমস্যার আধুনিক চিকিৎসা করা সম্ভব হবে। পূর্ব ভারতে এই ধরনের অত্যাধুনিক পরিষেবা আরও সহজলভ্য হওয়ায় উপকৃত হবেন বহু রোগী। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইমসের ডিরেক্টর চিকিৎসক অরবিন্দ সিনহা, কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস সহ আরও অনেকে।