Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

নিউজিল্যান্ড সফরে সামির সুযোগ পাওয়ার আশা কম

অক্টোবরে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। কিউয়িদের দেশে পূর্ণ সিরিজ খেলবেন গিলরা। তালিকায় রয়েছে পাঁচটি করে টি-২০ এবং একদিনের ম্যাচ।

নিউজিল্যান্ড সফরে সামির সুযোগ পাওয়ার আশা কম
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অক্টোবরে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। কিউয়িদের দেশে পূর্ণ সিরিজ খেলবেন গিলরা। তালিকায় রয়েছে পাঁচটি করে টি-২০ এবং একদিনের ম্যাচ। শেষ পর্যায়ে দু’টি টেস্ট খেলবে দুই দল। যেটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার নিরিখে গৌতম গম্ভীরের ছেলেদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

Advertisement

প্রায় দেড় মাসের সফর। ফলে ক্রিকেটারদের চোট পাওয়ার প্রবণতার কথা মাথায় রেখে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হয়ে উঠবে খুবই জরুরি। নিউজিল্যান্ডের মাটিতে পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। পিচ শক্ত হয়। ফলে বাউন্স থাকে বেশি। তাই শক্তিশালী পেস আক্রমণ নিয়েই কিউয়িদের বিরুদ্ধে খেলার পরিকল্পনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। মোটামুটি পাঁচ পেসারের নাম চূড়ান্ত। চোট সারিয়ে ফেরা যশপ্রীত বুমরাহকে রেখেই পেস ব্রিগেড সাজানো হচ্ছে। তালিকায় জায়গা পেতে চলেছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরুনুর ব্রার। পঞ্চম স্থানের জন্য হর্ষিত রানা, বাঁ হাতি পেসার অর্শদীপ সিং এবং আকাশ দীপের মধ্যে জোরালো লড়াই রয়েছে। সব কিছু দেখে মনে হচ্ছে, মহম্মদ সামির স্কোয়াডে সুযোগ পাওয়ার সম্ভাবনা কার্যত নেই। তাঁকে পুরোপুরি ঝেড়ে ফেলার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন নির্বাচকরা। কিন্তু সামিও নাছোড়বান্দা। তিনি এখনও দেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য মুখিয়ে। গত মরশুমে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে একাধিক ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করেছিলেন। তার পরেও নির্বাচকদের টনক নড়েনি। নতুন মরশুমেও বাংলার জার্সি গায়ে চাপাবেন সামি। তিনি আগেও বলেছেন, ‘আমি রনজি ট্রফি খেলছি, তাই অনায়াসে ওয়ান ডে ম্যাচেও খেলতে পারি।’ আসলে সামি ২০২৭ একদিনের বিশ্বকাপকে পাখির চোখ করছেন। তাঁর ইচ্ছা, শেষবার বিশ্বকাপ মঞ্চে নিজেকে উজাড় করে দেওয়া। তা না হলে অবসরের পথ বেছে নিতে বাধ্য হবেন। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের উদীয়মান পেসার আকিব নবিকেও অনভিজ্ঞতার কারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না নিউজিল্যান্ড সফরে। তাঁকে ঘরোয়া ক্রিকেটে অর্থাৎ রনজি ট্রফিতে খেলার জন্য ছেড়ে দেওয়া হতে পারে।
২০২০ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারত দু’টি টেস্ট খেলেছিল নিউজিল্যান্ডের মাটিতে। একটিও ম্যাচ জিততে পারেনি। তাই অতীতের পারফরম্যান্স দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এবারও গিলদের কাজটা সহজ হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ