নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিপুল জনাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি আগামী পাঁচ বছর শাসন করবে বিজেপি। এই অবস্থায় হিন্দিভাষী দলের বদনাম ঘোচাতে সচেষ্ট হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর শুভেন্দু অধিকারীকে ভাবী মুখ্যমন্ত্রী ঘোষণার পর শুক্রবার কনভেনশন সেন্টারে বাঙালির আরও কাছে আসতে চাইলেন অমিত শাহ। এদিন তিনি বলেন, ভারতে শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতির পীঠস্থান হল বাংলা। নবগঠিত বিজেপি সরকার পশ্চিমবঙ্গর সেই সত্ত্বাকে আরও এগিয়ে নিয়ে যাবে। পুনের ফিল্ম ইনস্টিটিউটের আদলে বাংলায় থিয়েটার নিয়ে বিশ্বমানের উৎকর্ষ কেন্দ্র তৈরি করব। থিয়েটারের সার্বিক উন্নয়নে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি শিক্ষা-সংস্কৃতি জগতের হৃত গৌরব ফেরাতে বিজেপি সরকার উদ্যোগী হবে বলেও জানিয়েছেন শাহ। একইসঙ্গে অমিত শাহের সাবধানবাণী, যে ভরসা রাজ্যবাসী বিজেপির উপর রেখেছে, তা যেন বজায় থাকে। নেতাদের এমন কাজ করতে হবে, যাতে রাজ্যের মানুষের ভরসা না ভাঙে। দলের জয়ী প্রার্থীদের উদ্দেশে তাঁর বার্তা, বাংলার মানুষের জন্য আমাদের সর্বস্ব উজাড় করে দিতে হবে।



