আমেরিকা যাচ্ছেন শাহরুখ খান। জোরকদমে চলছে ‘কিং’ ছবির শ্যুটিং। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার শ্যুটিং প্রায় শেষের পথে। শেষ পর্বের শ্যুট করার জন্যই বিদেশে পাড়ি দিচ্ছে গোটা টিম। জানা গিয়েছে, আমেরিকা ও লাতিন আমেরিকার বিস্তীর্ণ এলাকাজুড়ে শ্যুটিং করবেন শাহরুখ। তবে কিং খান ছাড়া আর কারা এই শিডিউলের জন্য আমেরিকা পাড়ি দেবেন, তা স্পষ্ট নয়। এই ছবির হাত ধরেই বড়োপর্দায় ডেবিউ করছেন শাহরুখ কন্যা সুহানা খান। ফলে ছবিতে একাধিক চমক অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না। সবকিছু ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরে ছবিটি মুক্তি পেতে পারে প্রেক্ষাগৃহে।



