নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র ও টাকা উদ্ধারের ঘটনায় প্রতিবাদে নামল এসএফআই। শুক্রবার তাদের তরফে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে সুরেন্দ্রনাথ কলেজ পর্যন্ত মিছিল করা হয়। মিছিল শেষে সুরেন্দ্রনাথ কলেজের সামনে এসএফআই সভা করার সময় আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি ওই জায়গাতেই স্লোগান দিতে শুরু করে। দুই ছাত্র সংগঠনের স্লোগান-পালটা স্লোগান চলতে থাকে। পুলিশ এসে দু’পক্ষকে আলাদা করে রাখে।
এদিন বিকালের দিকে এসএফআই মিছিল করে আসে শিয়ালদহে সুরেন্দ্রনাথ কলেজের সামনে। তাদের দাবি, সুরেন্দ্রনাথ কলেজে অপরাধের সিন্ডিকেট চালানো নেতাদের গ্রেপ্তার করতে হবে। পূর্ববর্তী ইউনিয়নের যাবতীয় আর্থিক লেনদেনের অডিট পেশ করতে হবে ও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সভা শেষে কলেজের সামনেই সাংবাদিক সম্মেলন করেন এসএফআই’র রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। তিনি একে-একে তৃণমূল ও বিজেপি নেতাদের বিরুদ্ধে কথা বলতে থাকেন। সেই সময় এবিভিপির সদস্য- সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন। এরপর এসএফআই কলকাতা জেলার তরফে মুচিপাড়া থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে দেবাঞ্জন বলেন, ‘২০১১ সালের পর থেকে যেকোনো ছাত্র সংগঠনের চলাফেরা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আমরা ২০২৩ সালে হাইকোর্টের দ্বারস্থ হয়ে বলেছি, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সরকার শুধু সময় চেয়েছিল ১৩ বার। আমরা বলেছিলাম, ইউনিয়ন না থাকলে ইউনিয়ন ফিজ কেন নেওয়া হচ্ছে? সরকার এখন অডিট চেয়েছে। আমরা বলছি, অডিট রিপোর্ট জনসমক্ষে আনতে হবে।’ নিজস্ব চিত্র