দেগঙ্গায় সিভিক ভলান্টিয়ারের গেস্ট  হাউসে মধুচক্র! বিক্ষোভ বিজেপির
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সিভিক ভলান্টিয়ারের গেস্ট হাউসে মধুচক্র চালানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দেগঙ্গায়। কালিয়ানি বিল এলাকায় এই গেস্ট হাউস ঘিরে বৃহস্পতিবার রাতে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মী ও স্থানীয়রা। এমনকি, ভাঙচুর করা হয় গেস্ট হাউসের নেমপ্লেট ও সংলগ্ন কাফে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গেস্ট হাউস থেকে দুই যুগল সহ মোট সাতজনকে আটক করে দেগঙ্গা থানার পুলিশ।

Advertisement

বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা তথা সিভিক ভলান্টিয়ার সাগবর মল্লিকের তৈরি গেস্ট হাউসে রমরমিয়ে চলছিল মধুচক্র। তাতে বহিরাগতদের আনাগোনা বাড়ার পাশাপাশি স্কুল ছাত্রীদের ভিড় বাড়ছিল। আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে মহিলাদের দেহ ব্যবসায় নামানোর অভিযোগও তুলেছে বিজেপি। তাই গেস্ট হাউস বন্ধ এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব হয় বিজেপি নেতৃত্ব। পুলিশের অভিযানে গেস্ট হাউসের ঘর থেকে কন্ডোম, মদের গ্লাস, ওয়াকিটকি ও মোবাইল ফোন পাওয়া গিয়েছে বলে বিজেপি কর্মীদের দাবি।
এ নিয়ে বিজেপির রাজ্যনেতা তরুণকান্তি ঘোষ বলেন, গেস্ট হাউসের আড়ালে মধুচক্র চলে দীর্ঘদিন ধরে। গেস্ট হাউসের মালিক একজন সিভিক ভলান্টিয়ার হওয়ায় এতদিন কেউ কিছু বলার সাহস পায়নি। কিন্তু এখন রাজ্যে সরকার পালটেছে। এসব আর চলবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশকে। এলাকার নিরাপত্তা ও স্কুল পড়ুয়াদের সুরক্ষার বিষয়টিও প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।
অন্যদিকে, সাগবর মল্লিকের দাবি, প্রায় তিন বছর আগে তিনি কাফে চালানোর জন্য বিল্ডিংটি ভাড়া দিয়েছেন। তবে, সেখানে কোনো অনৈতিক কাজ হয় না। সিভিক ভলান্টিয়ার হওয়ায় তাঁকে নিশানা করেই বিক্ষোভ ও ভাঙচুর চালানো হয়েছে। দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, এ নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।