Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রথম দফা ভোটের দিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রচণ্ড গরমের পূর্বাভাস

রাজ্যের পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

প্রথম দফা ভোটের দিন পশ্চিমাঞ্চলের  জেলাগুলিতে প্রচণ্ড গরমের পূর্বাভাস
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে সবচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা (৪৩.৮) ছিল বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.২ ডিগ্রি। ৪২ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে পুরুলিয়া, আসানসোল ও সিউড়িতে। আজ বুধবারও তাপপ্রবাহের সর্তকবার্তা রয়েছে পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলার জন্য। পশ্চিমাঞ্চলের অন্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম (হট অ্যান্ড হিউমিড) থাকবে। আগামীকাল বৃহস্পতিবার ভোটের দিনও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ওইরকম অস্বস্তিজনক গরম পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে শনিবার থেকে সোমবার ফের দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির মাত্রা বাড়বে। তার আগে গরমের মধ্যে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়বৃষ্টি হতে পারে। 

Advertisement

দেশের একটা বড়ো অংশ জুড়ে এখন প্রচণ্ড গরম চলছে। উত্তর-পশ্চিমি গরম ও শুকনো হাওয়ার দাপটে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, সোমবার দেশের মধ্যে উত্তরপ্রদেশের এলাহাবাদে সবচেয়ে বেশি ৪৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়। বেসরকারি সূত্রে অবশ্য বলা হয়েছে, রবিবার দেশের অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪-৪৩ ডিগ্রির আশপাশে ছিল। এই তালিকায় বিহারের ভাগলপুর, মুঙ্গের, ওড়িশার তালচের, পশ্চিমবঙ্গের আসানসোল, বীরভূম, রানিগঞ্জ, বাঁকুড়াসহ বিভিন্ন জায়গা আছে। মহারাষ্ট্রের বিদর্ভ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, হরিয়ানা প্রভৃতি রা঩জ্যে গরমের দাপট বেশি বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি। এটা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। কলকাতা এবং উপকূল সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের নীচের স্তরে দখিনা বাতাস সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা বাড়ছে না। পশ্চিমি গরম হাওয়াকে কিছুটা আটকাচ্ছে দখিনা বাতাস। তবে এতে বাতাসে জলীয় বাষ্প বেশি ঢোকার জন্য ভ্যাপসা গরমের কষ্ট অনুভব করতে হচ্ছে। মঙ্গলবার দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বারাকপুরে ছিল ৩৮.৬ ডিগ্রি। উত্তরবঙ্গে, বিশেষ করে পাহাড়  ও লাগোয়া এলাকায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি চলবে। হিমালয় লাগোয়া উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পশ্চিম বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত আছে। এর জন্য দক্ষিণবঙ্গের কোথাও কোথাও গরমের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির মাত্রা বাড়বে।

সম্পর্কিত সংবাদ