Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সূতিতে ভোট দিতে পারলেন না সাতশো ভোটার

ভোট মানেই নাগরিক অধিকার প্রয়োগের উৎসব। আর সেই উৎসব থেকেই আজ ব্রাত্য থাকতে হল মুর্শিদাবাদের সূতি বিধানসভার জগতাই ১ অঞ্চলের কয়েক’শোর বেশি বাসিন্দাকে।

সূতিতে ভোট দিতে পারলেন না সাতশো ভোটার
  • ২৪ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

সবুজ বিশ্বাস, জঙ্গিপুর: ভোট মানেই নাগরিক অধিকার প্রয়োগের উৎসব। আর সেই উৎসব থেকেই আজ ব্রাত্য থাকতে হল মুর্শিদাবাদের সূতি বিধানসভার জগতাই ১ অঞ্চলের কয়েক’শোর বেশি বাসিন্দাকে। ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজে না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোটে নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হন তাঁরা। প্রতিবাদে এদিন সকালে জগতাই ১ অঞ্চলের ১১১ ও ১১২ নম্বর বুথের বহু সাধারণ মানুষ বুকে কালো ব্যাজ ধারণ করে পথে নামেন। ভোট দেওয়ার অধিকার হারানোর প্রতিবাদে প্রায় শতাধিক ভোটার বিক্ষোভও দেখান। যোগ্য ভোটারদের বাদ দেওয়ায় দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করেন তাঁরা। 

Advertisement

একদিকে যখন ভোটপর্ব শুরু হয়েছে, তেমনই অন্যদিকে এদিন সকাল থেকেই এলাকার বাসিন্দাদের একাংশের মধ্যে চরম অসন্তোষ লক্ষ্য করা যায়। স্থানীয়দের অভিযোগ, অতীতে নিয়মিত ভোট দিলেও, এবারের চূড়ান্ত তালিকায় বহু মানুষের নাম রহস্যজনকভাবে বাদ পড়েছে। দীর্ঘদিনের পরিচিত ভোটারের নাম তালিকা থেকে গায়েব হয়ে যাওয়ায় অবাক এলাকাবাসী। এলাকাবাসীর একাংশের কথায়, আমরা এদেশের নাগরিক। বাপ, ঠাকুরদার জমানা থেকে এই এলাকায় বাস করছি। আমাদের সবার বৈধ কাগজপত্র  রয়েছে। অথচ নির্বাচনের দিন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি না। এ আমাদের কাছে অপমানের। তাঁদের দাবি, এটি নিছক ভুল নয়, বরং প্রশাসনিক চক্রান্তের বড় নিদর্শন। 
সূতি দেবিপুরের বাসিন্দা জাহিদ হাসান বলেন, এদিনটি আমাদের কাছে কালো দিন। যোগ্য ভোটার, সব কাগজপত্র থাকা সত্ত্বেও আমরা ভোট দিতে পারছি না। এটা অধিকার হরণ দিবস। অপরদিকে, সূতির সাদিকপুরের বাসিন্দা জিয়াউল হক মেদিনীপুরে রাজমিস্ত্রির কাজ করেন। দিন তিনেক আগেই তিনি বাড়ি ফিরেছেন। জিয়াউল ভাইয়ের  নামও ডিলিট করে দেওয়া হয়েছে। তাই তিনি ভোট দিতে পারেননি। যদিও এই ভোটের সময়ে তিনি পরিবারের সঙ্গেই রয়েছেন। পাশাপাশি সূতি, সামশেরগঞ্জ, ফরাক্কা, সাগরদিঘি, জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জের কয়েক লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে। ভোট দিতে না পেরে কার্যত কমিশনের উপর ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। 
এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন বিধানসভা এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে। ভোটার তালিকার এই গরমিল নিয়ে ক্ষোভ দানা বাঁধছে সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন উঠছে, কীভাবে ঝাড়াই-বাছাই হয়েও এমন বহু নাম ভোটার তালিকা থেকে বাদ গেল? এদিন এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে এই গাফিলতির নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে ও ভোটারদের ক্ষোভ প্রশমনে প্রশাসনের ভূমিকা কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে জগতাই ১ অঞ্চল সহ জঙ্গিপুরের মানুষজন।

Advertisement
সম্পর্কিত সংবাদ