Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝড়ে পড়ল ৪০টি গাছ, বিপর্যস্ত শহর

ঘণ্টাখানেকের ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেল শহর কলকাতা।

ঝড়ে পড়ল ৪০টি গাছ, বিপর্যস্ত শহর
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘণ্টাখানেকের ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেল শহর কলকাতা। পুরসভা সূত্রে খবর, শহরে ভেঙে পড়েছে ৪০টি গাছ। যদিও কলকাতা পুলিশ জানিয়েছে, ৩৬টি জায়গায় গাছ পড়েছে। একদিকে গাছ পড়ে, অন্যদিকে জল জমে দুর্ভোগে পড়তে হয়েছে শহরবাসীকে। তীব্র ঝড়ের কারণে শুক্রবার দুপুরে প্রায় ২০ মিনিট বন্ধ ছিল মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের জন্য আগাম সর্তকতা নিয়ে আপ এবং ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল। ঝড়ে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের টিনের ছাউনির একাংশও ভেঙে পড়ে। সাউথ সিটি মলের একাধিক জায়গায় কাচ ভেঙে যায়। আতঙ্কিত হয়ে পড়েন শপিং মলে আসা ক্রেতা ও কর্মীরা। গাছ পড়ে গাড়ি দুমড়ে গিয়েছে—এমন একাধিক ঘটনাও ঘটেছে। 

Advertisement

শুক্রবার দুপুর গড়াতেই কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। শুরুতে ঠান্ডা হাওয়া, ঘনঘন বজ্রপাত। তারপরই ঝেঁপে বৃষ্টি নামে। তীব্র ঝড়-জলে গাছ ভেঙে পড়ে এবং জল জমে কলকাতার বিভিন্ন এলাকায়। ব্যাহত হয় যান চলাচল। এদিন শহরে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক অঞ্চলে। সেখানে মাত্র এক ঘণ্টায় ৫২ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া, গড়িয়া কামডহরি অঞ্চলে ৪২ মিমি, জিনজিরা বাজার এলাকায় ৪২ মিমি, বেহালা ফ্লাইং ক্লাব জোনে ৩৮ মিমি এবং সিপিটি ক্যানাল পাম্পিং স্টেশন জোনে ৩৩ মিমি বৃষ্টিপাত হয়েছে। যদিও পুরসভা জানাচ্ছে, ঘণ্টাখানেকবিলা হলেও মাত্র ২০ মিনিটেই এর ৯০ শতাংশ বৃষ্টিপাত হয়ে গিয়েছে। বৃষ্টির থেকেও ঝড়ের তীব্রতা ছিল বেশি। 
গত কয়েকদিন অস্বস্তিকর গরমের হাত থেকে স্বস্তি মিলেছে এদিনের ঝড়বৃষ্টিতে। একই কারণে দুর্ভোগও বেড়েছে শহরবাসীর। হরিশ মুখার্জি রোড, বিড়লা তারামণ্ডল, আমেরিকান সেন্টার, ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের সামনে, হাজরা, টালিগঞ্জ রোড, লেক গার্ডেন্স, আলিপুরসহ শহরের নানা জায়গায় গাছ ভেঙে পড়ে। লেক গার্ডেন্স ফ্লাইওভারের সামনে ঝড়ের সময় গাছ ভেঙে পড়ে একটি গাড়ির উপর। গাড়িটি চালাচ্ছিলেন ব্যাংকার অভিজিৎ ভট্টাচার্য। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। কপাল জোরে তাঁরা বেঁচে গিয়েছেন। ঝড়ে চেতলা এবং বাবুঘাটে দু’জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নেতাজি নগরে গাছ পড়ে জখম হয়েছেন এক দম্পতি। তাঁরা এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। ফোর্ট উইলিয়ামের সাউথ গেটে একটি চলন্ত স্কুটিতে গাছ ভেঙে পড়ে। গাড়ি চালাচ্ছিলেন সুমনা ঘোষ নামে এক তরুণী। মাথায় হেলমেট থাকায় বড়ো বিপদ থেকে বেঁচে গিয়েছেন তিনি। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 
দুপুরের প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা। উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা থেকে মধ্য কলকাতার সি আর অ্যাভিনিউতে জল জমে যায়। গাড়ির গতি অনেকটাই কমে যায়। একাধিক জায়গায় গাড়ি বিকল হয়ে পড়ার ঘটনাও ঘটে। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার হালও তথৈবচ। ভাঙা গাছ কেটে সরাতে এদিন পুরসভার ১৮টি টিম কাজে নামে। পরিস্থিতি সামাল দিতে তৎপর ছিল কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Advertisement
সম্পর্কিত সংবাদ