নয়াদিল্লি: আশার শেষ আলোও নিভে গেল। ভারতে প্রত্যর্পণ এড়াতে ইউরোপের মানবাধিকার আদালতে (ইসিএইচআর) আবেদন করেছিলেন ঋণখেলাপি ফেরার হিরে ব্যবসায়ী নীরব মোদি। কিন্তু আদালত সেই আরজি ফিরিয়ে দিল। এমনিতে বিচারাধীন মামলা সংক্রান্ত কোনো তথ্য সামনে আনে না স্ট্রাসবার্গের ইসিএইচআর আদালত। সংবাদ-মাধ্যমের দাবি, আবেদন খারিজ হওয়ায় নীরবের প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করতে পারবে ব্রিটেন। তাই এবার নীরবের ভারতে ফেরা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ১৩ হাজার ৫০০ কোটি টাকা অর্থ তছরুপে অভিযুক্ত নীরব ২০১৮ সালের ১ জানুয়ারি ভারত ছেড়ে পালিয়ে যান। সেই থেকে তিনি লন্ডনেই রয়েছেন। এরপর থেকে তাঁকে দেশে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইডি ও সিবিআই। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাঁকে ভারতে প্রত্যর্পণের পক্ষে রায় দেয় ব্রিটেনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট। সেই আবেদনকে চ্যালেঞ্জ করে ব্রিটেনের হাইকোর্টে যান নীরব। গত মার্চে তাঁর সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। তখন শেষ ভরসা হিসাবে গত এপ্রিলে ইসিএইচআর-এ যান তিনি। ভারতের জেলগুলির দুরবস্থা এবং ‘মিডিয়া ট্রায়াল’ নিয়ে আশঙ্কার যুক্তি দিয়ে নীরবের আইনজীবীরা প্রত্যর্পণের বিরোধিতা করেন। ভারতের পক্ষ থেকে আদালতকে মুম্বইয়ের আর্থার রোড জেলে নীরবকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। এরপরই নীরবকে প্রত্যর্পণের পক্ষেই সায় দিয়েছে আদালত। ফাইল চিত্র