Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

জ্বালানির দামবৃদ্ধির জের, বন্ধ হবে পরিষেবা! কেন্দ্রকে সতর্কবার্তা বিমান সংস্থাগুলির

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের। হু হু করে বাড়ছে বিমানের জ্বালানির দাম। এই পরিস্থিতিতে খরচ সামলে ও টিকিটের দাম নিয়ন্ত্রণে রেখে পরিষেবা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

জ্বালানির দামবৃদ্ধির জের, বন্ধ হবে পরিষেবা! কেন্দ্রকে সতর্কবার্তা বিমান সংস্থাগুলির
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের। হু হু করে বাড়ছে বিমানের জ্বালানির দাম। এই পরিস্থিতিতে খরচ সামলে ও টিকিটের দাম নিয়ন্ত্রণে রেখে পরিষেবা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বাধ্য হয়ে উড়ান পরিষেবা বন্ধ করতে হবে। এমনই সতর্ক বার্তা দিয়ে এবং দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে চিঠি লিখল দেশের বিমানসংস্থাগুলির সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইন্স (এফআইএ)। এই সংগঠনের অধীনে রয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেটের মতো উড়ান সংস্থা।  কেন্দ্রকে লেখা ওই চিঠিতে জানানো হয়েছে, সম্প্রতি বিমানের জ্বালানি অর্থাৎ অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম লাফিয়ে বেড়েছে। এর জেরে একাধিক রুটে পরিষেবা দিতে গিয়ে লোকসান হচ্ছে। বর্তমানে প্রতি কিলোলিটারে ২ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে জ্বালানির দাম। তথ্য বলছে, সাধারণভাবে উড়ানের খরচের ৩০-৪০ শতাংশ হল জ্বালানি খরচ। মূল্যবৃদ্ধির জেরে সেই খরচ পৌঁছেছে ৫৫-৬০ শতাংশে। ফলে দিন দিন লাভের পরিমাণ কমছে। আন্তর্জাতিক রুটগুলিতে এই সমস্যা মাথাচাড়া  দিয়েছে। সমস‌্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এফআইএ। দাবি করা হয়েছে, অবিলম্বে জ্বালানির উপর থেকে ১১ শতাংশ শুল্ক তুলে নেওয়া হোক। রাজ্যস্তরের ভ্যাট কমানো সহ বেশ কয়েকটি দিক খতিয়ে দেখার কথাও বলেছে তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ